‘লকডাউনে’ স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে চালু হলো অভ্যন্তরীণ ফ্লাইট। গতকাল বুধবার সকাল থেকেই কক্সবাজার ছাড়া দেশের বিভিন্ন গন্তব্যে ইউএস বাংলা এয়ারলাইনস ও নভোএয়ার ফ্লাইট চলাচল শুরু করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস আজ বৃহস্পতিবার থেকে তাদের ফ্লাইট চালু শুরু করবে।
ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, স্বাস্থ্যবিধির সতর্কতা মেনে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর ও বরিশাল রুটে ইউএস-বাংলার ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে। ২২ এপ্রিল ঢাকা থেকে রাজশাহী রুটে ফ্লাইট শুরু হবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তারা জানান, সকাল থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি অভ্যন্তরীণ ফ্লাইট যশোর ও চট্টগ্রামে গেছে। এছাড়াও দিনব্যাপী অন্য এয়ারলাইনসগুলোর ফ্লাইট পরিচালনার কথা রয়েছে।
গত মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সীমিত পরিসরে বুধবার থেকে ফ্লাইট চলাচলের অনুমতি দেয়। অনুমতি পাওয়ার পরপরই ফ্লাইট চালুর ঘোষণা দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা এয়ারলাইনস এবং নভোএয়ার। তবে কোনো এয়ারলাইনস কক্সবাজার ও রাজশাহী রুটে ফ্লাইট ঘোষণা করেনি।
বেবিচকের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, প্রাথমিকভাবে স্বাস্থ্য সতর্কতা মেনে এয়ারলাইনসগুলো ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা শুরু করছে। গতকাল বুধবার রাজধানী ঢাকা থেকে চট্টগ্রামে ৩টি, সিলেটে ২টি, যশোরে ২টি, সৈয়দপুরে ২টি ও বরিশালে ১টি ফ্লাইট পরিচালনা করে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস আজ বৃহস্পতিবার থেকে অভ্যন্তরীণ পাঁচটি গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করবে। গন্তব্যগুলো হলোÑ ঢাকা-চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-সিলেট-ঢাকা, ঢাকা-বরিশাল-ঢাকা, ঢাকা-যশোর-ঢাকা এবং ঢাকা-সৈয়দপুর-ঢাকা। করোনার সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে বিমানবন্দরের প্রবেশমুখে যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হয়। এরপর ভেতরে প্রবেশ করে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ফ্লাইটে উঠতে হচ্ছে তাদের।
