করোনা জয় করলেন ৭৬ বছর বয়সী দেশবরেণ্য অভিনেতা আবুল হায়াত। তার করোনামুক্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন তার মেয়ে অভিনেত্রী নাতাশা হায়াত। নাতাশা বলেন, ‘আব্বার রিপোর্ট নেগেটিভ এসেছে। আল্লাহর কাছে অনেক অনেক শোকরিয়া। তিনি আব্বাকে সুস্থ করে দিয়েছেন। এখন তিনি পুরোপুরি সুস্থ আছেন। আব্বার জন্য সবাই দোয়া করবেন।’ গেল মাসের শেষ দিকে আক্রান্ত হন আবুল হায়াত। পরে অবস্থা জটিল হলে ৩১ মার্চ তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথম দিকে তার শারীরিক অবস্থা বেশ জটিল থাকলেও দ্রুত অবস্থা ঠিক হয়ে আসে। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত ৬ এপ্রিল হাসপাতাল থেকে বাসায় ফেরেন। বাসাতেই চিকিৎসকের তত্ত্বাবধানে চলছিল তার হোম কোয়ারেন্টাইন। অবশেষ তার করোনা জয়ের খবর এলো। বরেণ্য অভিনেতা আবুল হায়াত ১৯৬৯ সাল থেকে টিভি নাটকে অভিনয় করছেন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটকের পাশাপাশি ‘আগুনের পরশমণি’, ‘জয়যাত্রা’, ‘গহীনে শব্দ’, ‘অজ্ঞাতনামা’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আবুল হায়াত। গত ২৬ ডিসেম্বর তার অভিনীত সর্বশেষ ‘স্ফুলিঙ্গ’ চলচ্চিত্রটি মুক্তি পায়।
×
