বেনজেমার জোড়ায় দাপুটে জয়

আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ০২:০০ এএম

কাদিজের মাঠের বাইরে সুপার লিগের বিরোধিতা করে জমায়েত হয়েছিলেন ভক্তরা। রিয়াল মাদ্রিদ দলকে এর মধ্য দিয়েই ঢুকতে হয় মাঠে। ক্লাবটির প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ সুপার লিগেরও প্রধান হওয়ায় রিয়ালের প্রতি ফুটবলপ্রেমীদের ক্ষোভটা একটু বেশিই হওয়ার কথা। কিন্তু মাঠের খেলায় রিয়াল ঠিকই কাল সৌরভ ছড়িয়েছে। বুধবার ৩-০ গোলে কাদিজকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে জিদানের শিষ্যরা। এই জয়ে ৩২ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকোকে গোলগড়ে পেছনে ফেলে আবার শীর্ষে ওঠে লস ব্লাঙ্কোসরা। আতলেতিকো গত রাতে হুয়েস্কার সঙ্গে ড্র করে থাকলেও শীর্ষে উঠেছে আবার। দুই মাদ্রিদের চেয়ে দুই ম্যাচ কম খেলা বার্সা গত রাতে ৬৫ পয়েন্ট নিয়ে গেতাফের সঙ্গে খেলেছে। লেভান্তেকে ২-১ গোলে হারানো সেভিয়া ৩২ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে।

গত অক্টোবরে নিজেদের মাঠে কাদিজের কাছে ০-১ গোলে হেরেছিলে রিয়াল। বুধবার প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধেই তিন গোল দেয় তারা। ৩০ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন বেনজেমা। ডি-বক্সে ভিনিসিউস জুনিয়র ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তিন মিনিট পর ব্যবধান বাড়ান আলভারো ওদ্রিওজোলা। ৪০ মিনিটে বেনজেমা ম্যাচের তৃতীয় গোলটি করেন। ২১ গোল নিয়ে গোলদাতাদের তালিকায় লিওনেল মেসির চেয়ে দুই গোল পেছনে আছেন এই ফ্রেঞ্চ। ম্যাচশেষে মার্সেলো বলেন, ‘আমরা জানি এখন লা লিগাতে কোনো সহজ ম্যাচ নেই। ফল দেখে মনে হতে পারে এটা সহজ জয় তবে তারা ভালো খেলেছে। মাদ্রিদ কখনো পিছপা হয় না। আমরা (শিরোপার জন্য) প্রতিটি ম্যাচের শেষ পর্যন্ত লড়াই করব।’

জয়ে শিরোপার আরও কাছে ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে আগের রাউন্ডে নিজেদের মাঠে লিডসের কাছে হেরেছিল ম্যানচেস্টার সিটি। সুপার লিগের দামামার মাঝে জয়ে ফিরেছে তারা। বুধবার ভিলাপার্কে কিক অফের ২১ সেকেন্ডের মধ্যে পিছিয়ে পড়েও ২-১ গোলে জয় নিয়ে ফিরেছে পেপ গার্দিওলার দল। ম্যাচে দু’দলেরই একজন করে খেলোয়াড় দেখেন লাল কার্ডÑ ৪৪ মিনিটে সিটি ডিফেন্ডার জন স্টোনস, ৫৭ মিনিটে ভিলার ডিফেন্ডার ম্যাটি ক্যাশ। জন ম্যাকগিনের গোলে পিছিয়ে পড়া সিটি ২২ মিনিটে সমতায় ফেরে ফিল ফোডেনের কৃতিত্বে। ৪০ মিনিটে রদ্রির গোলই হয়ে থাকে জয়সূচক। এ জয়ে ৩৩ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষের কর্র্তৃত্ব আরও বাড়াল সিটিজেনরা। এক ম্যাচ কম খেলে ম্যানইউ ১১ পয়েন্টে পিছিয়ে সিটির চেয়ে। ম্যানসিটি আর ৮ পয়েন্ট পেলে কোনো রকম হিসাব ছাড়াই শিরোপা নিজেদের করে নেবে। আর যদি ম্যানইউ পয়েন্ট হারায় তবে আরও আগেই শিরোপার স্বাদ পাবে সিটি। এদিকে হোসে মরিনহো বরখাস্তের পরের ম্যাচেই জয়ে ফিরেছে টটেনহ্যাম হটস্পার। তারাও ২-১ গোলে হারিয়েছে সাউদাম্পটনকে। স্পার্সদের হয়ে গোল করেন সন হিউং মিন ও গ্যারেথ বেল। ৩৩ ম্যাচে ৫৩ পয়েন্টে ছয়ে উঠে এসেছে টটেনহ্যাম। মাত্র ২৯ বছর ৩১২ দিন বয়সে প্রিমিয়ার লিগের ম্যাচে কোচ হিসেবে দায়িত্ব পালন করলেন টটেনহ্যামের রায়ান ম্যাসন। ইপিএল ইতিহাসে সবচেয়ে কম বয়সী কোচের রেকর্ড গড়লেন তিনি।

রোনালদোর ফেরার ম্যাচে জুভেন্তাসের জয়

সিরি আ’তে আগের রাউন্ডে আতালান্তার কাছে হেরেছিল জুভরা। সেই ম্যাচে ইনজুরির কারণে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। বুধবার একাদশে ফেরেন তিনি। গোল করেননি বটে। তবে তার উপস্থিতিতেই জুভেন্তাস ৩-১ গোলে হারায় পার্মাকে। জোড়া গোল (৪৩ ও ৪৭ মিনিট) করেন অ্যালেক্স সান্দ্রো, অপর গোলটি করেন মাতিয়াস ডি লিখট (৬৮ মিনিট)। ৩২ ম্যাচে ৬৫ পয়েন্টে তিনে উঠে আসে জুভেন্তাস (বুধবার পর্যন্ত)। একই দিনে স্পেজিয়ার কাছে পয়েন্ট হারিয়েছে শীর্ষের ইন্তার। ১-১ গোলে ড্র হওয়ায় ৩২ ম্যাচে ইন্তারের পয়েন্ট ৭৬।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত