‘লকডাউনে’ রাজশাহীতে হঠাৎ মার্কেট খুলেই বন্ধ

আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ০৪:২৫ এএম

‘লকডাউনের’ মধ্যেই গতকাল বৃহস্পতিবার রাজশাহী নগরীর সাহেব বাজার আরডিএ মার্কেটের ব্যবসায়ীরা হঠাৎ করে দোকান খুলে দেন। তবে জেলা প্রশাসকের নির্দেশনার পরিপ্রেক্ষিতে দুপুরের পর এসব দোকান বন্ধ করা হয়।

ঈদের আগে মার্কেট বন্ধের প্রতিবাদ জানাতে সকালে আরডিএ মার্কেটের সামনে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন ব্যবসায়ীরা। বুধবার রাতেই এই সিদ্ধান্ত জানানো হয়।

কিন্তু বিক্ষোভ বা অবস্থান কর্মসূচি পালন না করে সকাল ১০টার দিকে নিজ নিজ দোকান খুলে দেন তারা। যদিও লকডাউনের কারণে মার্কেটে তেমন ক্রেতা ছিল না, তবে এর মাঝেও কিছু  ক্রেতা কেনাকাটা করেন। আরডিএ মার্কেটের নিচতলার বেশিরভাগ দোকানই খুলে দেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা দাবি করেন, দীর্ঘদিন ধরে তাদের দোকানপাট বন্ধ। রমজান মাসের এই সময়টা তাদের ব্যবসার মৌসুম। এই মাসে ব্যবসা করে তারা সারা বছর সংসার চালান। ঈদেরও আর বেশি দিন নেই। তাই এই সময়ে ব্যবসা করে ক্ষতি পুষিয়ে নিতে চান তারা।

তবে এর কিছুক্ষণ পরই আরডিএ মার্কেটের ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল রাজশাহী জেলা প্রশাসকের সঙ্গে দেখা করতে যায়। সেখানে জেলা প্রশাসক আব্দুল জলিল ব্যবসায়ীদের ধৈর্য ধরার আহ্বান জানান। তিনি সবাইকে আগামী ২৮ তারিখ পর্যন্ত দোকান বন্ধ রাখার আহ্বান জানান। সেখান থেকে ফেরার পর আরডিএ মার্কেটের বেশিরভাগ দোকান বন্ধ হয়ে যায়। তবে কিছু দোকান বিচ্ছিন্নভাবে খুলে রাখা হয় বিকেল পর্যন্ত।

রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, রাজশাহী আরডিএ মার্কেট সকালে ব্যবসায়ীরা খুলে দেন। এরপর তাদের নেতাদের সঙ্গে আমার মিটিং হয়। তারা আমার কাছে কথা দিয়েছেন আগামী ২৮ তারিখ পর্যন্ত তারা দোকান বন্ধ রাখবেন। সরকারি বিধিনিষেধ মেনে চলবেন। আমরা সেখানে কোনো ম্যাজিস্ট্রেট নিয়োগ করছি না। আজকে তারা নিজেরাই বন্ধ করে দিবেন। আগামীকাল থেকে মার্কেট কেউ খুলবেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত