বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনায় আক্রান্তের ১৫তম দিনে ভালো আছেন। শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
শুক্রবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, রবিবার চেয়ারপারসনের করোনা টেস্ট করা হতে পারে। ফিরোজায় অবস্থান করা করোনা আক্রান্ত অন্যরাও জটিলতা ছাড়া ভালো আছেন।
তাদেরই একজন দেশ রূপান্তরকে বলেন, আমরা শনিবার করোনার টেস্ট করাব। চেয়ারপারসন রবিবার করাবেন। কারণ আমাদের একদিন পর তার করোনা পরীক্ষা করা হয়েছিল।
লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের তত্ত্বাবধানে খালেদা জিয়ার করোনা চিকিৎসায় গঠিত মেডিকেল টিম কাজ করে যাচ্ছে। শুরু থেকেই খালেদা জিয়ার স্বাস্থ্যের দেখভাল করছেন ডা. এফ এম সিদ্দিকীর নেতৃত্বে একদল চিকিৎসক।
গত ১১ এপ্রিল খালেদা জিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
দোয়া মাহফিল
খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় কোরআন খতম, সদগাহ ও বিশেষ দোয়া মাহফিল করা হয়েছে। সপ্তাহব্যাপী পবিত্র কোরআনের ৭ খতমের পর শুক্রবার জুমার নামাজের আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে গত বুধবার ময়মনসিংহের হালুয়াঘাটে ও বৃহস্পতিবার ঢাকার নয়াপল্টনে গরু ও খাসি জবাই করে গরিব মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় দপ্তরের চলতি দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ওলামা দলের সদস্যসচিব অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ।দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা শাহ মোহাম্মাদ নেছারুল হক।
