টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইমপ্যাক্ট র্যাঙ্কিংয়ে ২০২১ সালে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছে। পাশাপাশি এসডিজি ১৭-এর ক্যাটাগরিতে বিশ্বের ১১১৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইউল্যাব ১৫৬তম স্থান অধিকার করেছে।
মর্যাদাপূর্ণ এই বৈশ্বিক র্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্তির জন্য, টিএইচই একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাপনা, গবেষণা, প্রচার ও স্টুয়ার্ডশিপে (অনুষদ, কর্মী এবং প্রাক্তন শিক্ষার্থী) সামর্থ্য ও কর্মক্ষমতা মূল্যায়ন করে এবং সেই সঙ্গে তারা জাতিসংঘের ১৭টি উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) জন্যও বিশ্ববিদ্যালয়সমূহকে আরও নিবিড়ভাবে মূল্যায়ন করে।
ইউল্যাবের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তুজা এই বিষয়ে বলেন, ‘এই র্যাঙ্কিং প্রক্রিয়ায় অংশ নেওয়া আমাদের জন্য একটি শিক্ষণীয় ধাপ।’ তিনি আরও বলেন, ‘আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীরা কীভাবে সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, তা দেখার জন্য আমাদের নীতিমালা, পাঠ্যক্রম ও গবেষণাকে একত্রিত করতে হয়েছিল। আর এই পরিবর্তন আমরা করেছি জাতিসংঘের এসডিজির প্রতি আমাদের সচেতনতাবোধ প্রদর্শন করে সামাজিক পরিবর্তন আনার লক্ষ্যে।’ বিজ্ঞপ্তি।
