ঘুমধুম সীমান্ত

কথিত বন্দুকযুদ্ধে রোহিঙ্গা নিহত

আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ০৫:০২ এএম

কক্সবাজার জেলার পার্শ্ববর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের মিয়ানমার সীমান্তে বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মোহাম্মদ ইব্রাহীম (৩১) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের বাইশফাঁড়ি এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।

বিজিবির দাবি, ইব্রাহীম কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের লম্বাশিয়া ক্যাম্পের সৈয়দ আলমের ছেলে এবং ইয়াবা কারবারে জড়িত ছিলেন।

কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, বাইশফাঁড়ি এলাকা দিয়ে ইয়াবার চালান বাংলাদেশে আসছে এমন গোপন খবরের ভিত্তিতে বিজিবির সদস্যরা অবস্থান নেন। গভীর রাতে বাইশফাঁড়ি সীমান্ত পার হয়ে কয়েকজন বাংলাদেশে প্রবেশ করলে তাদের চ্যালেঞ্জ করা হয়।

এ সময় ইয়াবা কারবারিরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবিও পাল্টা গুলি চালালে ইয়াবা কারবারিরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ইব্রাহীমের লাশ এবং ৮০ হাজার ইয়াবা, একটি অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

লাশটি ময়নাতদন্তের জন্য পুলিশের মাধ্যমে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত