শপিং মলে যেতে লাগবে পুলিশের মুভমেন্ট পাস

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ০২:৪৪ এএম

কঠোর বিধিনিষেধের মেয়াদ শেষ হওয়ার আগেই আজ রবিবার থেকে ঢাকাসহ সারা দেশে দোকানপাট ও শপিং মল খোলার অনুমতি দিয়েছে সরকার। তবে শপিং মলে গেলে নিতে হবে মুভমেন্ট পাস। জরুরি সেবার কাজ ব্যতীত বাসার বাইরে বের হলে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের কাছে বাধার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। এ ক্ষেত্রে পুলিশের মুভমেন্ট পাস নিতে অনুরোধ করেছে পুলিশ সদর দপ্তর। শপিং মলে কেনাকাটা কোনো জরুরি সেবার মধ্যে পড়ে না বলে জানিয়েছে তারা।

পুলিশ সদর দপ্তরের এআইজি সোহেল রানা দেশ রূপান্তরকে বলেন, দেশজুড়ে চলাচল নিয়ন্ত্রণে সরকারের কঠোর বিধিনিষেধ চলমান রয়েছে। যারা জরুরি সেবাদানের কাজে জড়িত, শুধু তাদেরই মুভমেন্ট পাস লাগবে না। এরই মধ্যে সরকার ও পুলিশ জরুরি সেবার মধ্যে অন্তর্ভুক্তদের তালিকা প্রকাশ করেছে। এই তালিকার বাইরে যারা, তাদের সবাইকে মুভমেন্ট পাস নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

পুলিশ সদর দপ্তরের আরেক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, মুভমেন্ট পাস ছাড়া রাস্তায় বের হলে পুলিশ বা র‌্যাবের জেরার মুখে পড়ার আশঙ্কা রয়েছে শত ভাগ। সরকারের নির্দেশগুলো শুধু আমরা পালন করছি। রাস্তায় চলাচলের যাদের অনুমতি থাকবে না, তাদের বাসায় ফেরত দেওয়া হবে। এ ক্ষেত্রে মুভমেন্ট পাস নিতেই হবে। গত শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দোকান ও শপিং মল খোলার বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি আরও বলেন, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ৫ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। ১৪ এপ্রিল থেকে আবারও  বিধিনিষেধ আরোপ করা হয়। পরে কভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশক্রমে এর মেয়াদ ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বৃদ্ধি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত