বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক এএমএম সফিউল্লাহ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল শনিবার বিকেলে ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৪ বছর। অধ্যাপক সফিউল্লাহ ২০০৬ থেকে ২০১০ পর্যন্ত বুয়েটের উপাচার্যের দায়িত্ব পালন করেন। পরে তিনি বেসরকারি আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্যের দায়িত্বও নিয়েছিলেন।
জানা যায়, সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গতকাল তার শারীরিক অবস্থা গুরুতর হলে ভ্যান্টিলেশন দেওয়া হয়। পরে বিকেল ৫টায় তিনি মারা যান।
অধ্যাপক সফিউল্লাহর জন্ম ১৯৪৭ সালের ১৭ আগস্ট ময়মনসিংহে। পূর্ব পাকিস্তান ক্যাডেট কলেজে (বর্তমানে ফৌজদারহাট ক্যাডেট কলেজ) পড়াশোনা শেষে তিনি বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি নেন। ১৯৭৩ সালে বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে প্রভাষক হিসেবে যোগ দেন এবং ১৯৮৪ সালে অধ্যাপক হন। ১৯৮১ সালে তিনি কমনওয়েলথ বৃত্তি নিয়ে স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব স্ট্র্যাথক্লাইডে পিএইচডি ডিগ্রি নেন। বঙ্গবন্ধু সেতু ও পদ্মা সেতু নির্মাণের জন্য বাংলাদেশ সরকার কর্র্তৃক নিযুক্ত বিশেষজ্ঞদের প্যানেলের সদস্য ছিলেন অধ্যাপক সফিউল্লাহ।
