অপবাদ সইতে না পেরে শিক্ষকের আত্মহত্যা!

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ০৩:০০ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিষপানে আব্দুর রহমান (৩০) নামে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোরে উপজেলার ভোলাব ইউনিয়নের চারিতালুক দারুল হুদা আলিম মাদ্রাসা ও শিশু সনদ এতিমখানায় এ ঘটনা ঘটে।

আব্দুর রহমান কিশোরগঞ্জের নিকলী থানার দৌলপুর এলাকার ইব্রাহীম মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, চার বছর ধরে আব্দুর রহমান মাদ্রাসাটিতে  শিক্ষকতা করছেন। গত শুক্রবার মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইকবাল হাসান তার বিরুদ্ধে এতিমখানার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ এনে চাকরি থেকে বরখাস্ত করেন। একই সঙ্গে সব পাওনা পরিশোধ করে আজ (গতকাল) সকালের মধ্যে চলে যাওয়ার নির্দেশ দেন। কিন্তু গতকাল ভোরে আব্দুর রহমান মাদ্রাসা প্রাঙ্গণে বিষপান করেন। মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও স্থানীয়রা টের পেয়ে তাকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে অধ্যক্ষ ইকবাল হাসান বলেন, ‘গত শুক্রবার আব্দুর রহমান মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও আমার কাছে বাড়ি যাওয়ার জন্য ছুটি চান। এ সময় তার সব পাওনা পরিশোধ করে ছুটি দেওয়া হয়। চাকরিচ্যুত করা হয়নি। কিন্তু ভোরে জানতে পারি আব্দুর রহমান বিষপান করেছেন।’ তিনি আরও বলেন, ‘কয়েক মাস আগে আব্দুর রহমান বিয়ে করেছেন। তার স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না বলে শুনেছি।’

রূপগঞ্জ থানার ওসি এইচ এম জসিম উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ছাত্রকে বলাৎকারের অভিযোগে আব্দুর রহমানকে চাকরিচ্যুত করার তথ্য পেয়েছি। এখনো কেউ মামলা করেনি। তবে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত