বিতর্কিত ইউরোপিয়ান সুপার লিগে আরও পাঁচ ইংলিশ ক্লাবের সঙ্গে যোগ দিয়েছিল আর্সেনাল। পরে ক্ষোভের মুখে সরে আসে তারা। কিন্তু বিদ্রোহী তকমা পাওয়া এ লিগের জেরে আর্সেনালের অন্দরমহলে শুরু হয় সমর্থক বনাম মালিকের ঠা-া যুদ্ধ। শুক্রবার নিজেদের মাঠে এভারটনের সঙ্গে প্রিমিয়ার লিগের ম্যাচ ছিল গানার্সদের। ম্যাচটি ০-১ গোলে হেরে যায় আর্সেনাল। কিন্তু এই হার ছাপিয়ে উঠে এসেছে সমর্থকদের বিক্ষোভ।
ক্লাবের মালিক স্ট্যান ক্রোয়েঙ্কের ওপর ক্ষুব্ধ আর্সেনাল সমর্থকরা। তাদের দাবি, যত দ্রুত সম্ভব ক্রোয়েঙ্ক তাদের প্রিয় ক্লাব থেকে বেরিয়ে যান। লিগ ম্যাচের আগে এমিরেটস স্টেডিয়ামের বাইরে জড়ো হয়ে প্রতিবাদের সময় তারা সেøাগান দেন, ‘ক্রোয়েঙ্কেকে হটাও, আমরা আমাদের আর্সেনালকে ফিরে পেতে চাই।’ সুপার লিগ থেকে নিজেদের প্রত্যাহার করার সময় এক বিবৃতিতে আর্সেনাল সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছিল। কিন্তু তাতে শান্ত হননি সমর্থকরা। কারণ লিগে মোটেই ভালো করছে না গানাররা। একজন আর্সেনাল ভক্ত টুইটারে পোস্ট করেন, ‘ক্রোয়েঙ্কের ব্রিটিশ ফুটবল সম্বন্ধে কোনো ধারণাই নেই। আমি চাই যত দ্রুত সম্ভব আমার ক্লাব ছেড়ে বেরিয়ে যাক ক্রোয়েঙ্কে।’
এমন বিতর্কিত আবহে আর্সেনাল মালিকের পাশে দাঁড়িয়েছেন কোচ মিকেল আর্তেতা। তিনি বলেন, ‘স্ট্যান ক্রোয়েঙ্কে আমার কাছেও ক্ষমা চেয়েছেন। আমি সব সময় বলে এসেছি সুপার লিগ ফুটবলের ভবিষ্যৎ হতে পারে না। আর্সেনাল জোট ছেড়ে বেরিয়ে আসায় আমরা তাই খুশি। প্রতিটা সমর্থকের কাছেই আবেদন করব ক্লাবের স্বার্থে অন্তত স্ট্যানকে আপনারা কমা করে দিন।’
