রাজধানীর পুরান ঢাকার বংশালে এক মসজিদের পঞ্চম তলায় আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে এসেছে।
রবিবার রাত ১০ টার দিকে বংশাল নতুন রাস্তার ৫ তলা আতা মসজিদে এই আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুন মসজিদের ৫ তলায় সীমিত ছিল।
অগ্নিদুর্ঘটনা নিয়ন্ত্রণকারী সদর দপ্তর সিদ্দকবাজারের সিনিয়র স্টেশন অফিসার ফয়সালুর রহমান জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। চারপাশ থেকে আগুন নেভানোর কাজ চলছে। আগুন ৫ তলার বাইরে ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই।
জোন প্রধান বজলুর রশিদ জানিয়েছেন, সাড়ে ১০ টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
স্থানীয় লোকজন জানান, ভেতরে লোকজন আটকে পড়ার আশঙ্কা নেই। তবে অগ্নিনির্বাপণ শেষে চূড়ান্ত অনুসন্ধানের পর এ বিষয়টি নিশ্চিত করা যাবে। এখন পর্যন্ত কোনো হতাহত নেই।
