দর্শক আমাদের গ্রহণ করলে আরও কাজ করব

আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ০২:০৪ এএম

ছোটপর্দার ব্যস্ত অভিনেত্রী সালহা খানম নাদিয়া। বিজ্ঞাপনচিত্রেও নিয়মিত দেখা যায় তাকে। এখন ব্যস্ত ঈদের নাটক নিয়ে। এই তারকার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

এক ইউনিটে চার দিন...

এখন ঈদের নাটকের কাজেই ব্যস্ততা। মজার বিষয় হলো টানা চারদিন একই ইউনিটের সঙ্গে দুটি খ- নাটকের কাজ করছি। গত দুই দিন করেছি আসাদুজ্জামান সোহেলের লেখা ও বিপ্লব হায়দারের পরিচালনায় ‘সুইসাইড ফোবিয়া’ নামের একটি নাটকে। আজ করছি একই পরিচালকের লেখা ও পরিচালনায় ‘ভালোবাসায় সব সম্ভব’ নাটকে। কাল এ নাটকের কাজ শেষ হবে। উত্তরার বিভিন্ন লোকেশনে নাটক দুটির কাজ হচ্ছে। দুটি নাটকেই আমার নায়ক খায়রুল বাশার।

খায়রুল বাশার...

এটা ঠিক, খায়রুল বাশার আমাদের তুলনায় অনেক জুনিয়র শোবিজ ইন্ডাস্ট্রিতে। কিন্তু সিনিয়র জুনিয়র দিয়ে মানুষের মেধার যাচাই করা যায় না। এর আগেও আমি দেশ রূপান্তরের একটি ইন্টারভিউতে বলেছি, যারা আমার পরে শোবিজে এসেছে তাদের মধ্যে কার কার অভিনয় ভালো লাগে। সেখানে কিন্তু প্রথমেই খায়রুল বাশারের নাম বলেছিলাম। কারণ সে যে চরিত্রটি করে দারুণ সাবলিল হয়ে পর্দায় হাজির হয়। শিল্পের একটি শাখায় তার পড়াশোনা রয়েছে। সবমিলিয়ে আমি চেয়েছি একসঙ্গে কাজ করতে। আমাদের জুটির রসায়ন দেখার পর দর্শকই বলবেন স্ক্রিনে আমাদের কেমন লাগছে। দর্শক গ্রহণ করলে অবশ্যই ভবিষ্যতে আমরা আরও অনেক ভালো কাজ উপহার দিতে চেষ্টা করব।

ঈদের নাটক...

আমি আসলে কোন সময়ের জন্য নাটক করছি সেটি ভেবেই গল্প নির্বাচন করি। ঈদ আমাদের দেশের সবচেয়ে বড় উৎসব। আনন্দের বড় একটি উপলক্ষ। সেই সঙ্গে এবার দেশের যে পরিস্থিতি তাতে ঈদ যে আগের মতো অটোমেটিক্যালি সবার মনে আনন্দ বয়ে আসবে সেটা আমরা কেউ বলতে পারছি না। করোনার এখন যে পরিস্থিতি তাতে মনে হচ্ছে এবারের ঈদও গতবারের মতো ঘরবন্দি অবস্থাতেই কাটাতে হবে। তাই এমন বৈরী সময়ে মানুষের মনে আনন্দ দিতে হলে নাটকগুলোর গল্প হতে হবে খুব সহজ সরল। হাসির নাটকও মানুষ এ সময় বেশি দেখতে চাইবে। তাই ঈদে যে কটি কাজ করছি তাতে ডার্ক গল্প না রাখার চেষ্টা করছি। সহজ সরল প্রেমের গল্প বা কমেডির মাধ্যমে কোন সিরিয়াস বার্তা দেওয়া যায় এমন কাজ করছি। তবে গল্পগুলো যেন আগের তুলনায় একটু নতুনত্ব এনে উপস্থাপন করা যায় সে বিষয়ে খেয়াল রাখছি। বাকিটি দেখার পর দর্শক বলতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত