ন্যান্সিই জানাবেন বিচ্ছেদের খবর

আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ০২:০৫ এএম

২৮ মাসের মাথায় আবার স্বামীকে ছেড়ে আলাদা থাকার ঘোষণা দিলেন কণ্ঠশিল্পী ন্যান্সি। গতকাল সন্ধ্যায় ন্যান্সি তার ফেইসবুক পোস্টে স্বামীর কাছ থেকে আলাদা থাকার বিষয়টি প্রকাশ্যে আনেন। তিনি লেখেন, ‘আমি ও জায়েদ দীর্ঘদিন ধরেই আলাদা থাকছি। তবে মাঝেমধ্যেই আমাদের দেখা বা ফোনালাপ হয়। আমার ও জায়েদের একমাত্র কন্যাসন্তান নায়লা তার বাবার সঙ্গেই থাকে। নায়লাকে নিজের কাছে রাখার সিদ্ধান্ত এককভাবে জায়েদের। যেহেতু স্বামী-স্ত্রীর বাইরেও আমরা দীর্ঘদিনের বন্ধু, কাজেই বোঝাপড়াটা মন্দ নয়। তবে নাটকীয়ভাবে বলব না, আমরা আজীবন বন্ধু থেকে যাব।’ তিনি আরও লেখেন, ‘কিছু বৈরী সম্পর্ক তৈরি না হলে নিশ্চয়ই আলাদা থাকতাম না! কে সঠিক, কে বেঠিক এ নিয়ে ফিসফিস করার কিছু নেই। আমাকে অথবা জায়েদকে সরাসরি জিজ্ঞাসা করলেই হয়। আর হ্যাঁ, আমাদের এখনো বিচ্ছেদ হয়নি। হলে নিশ্চয়ই সবাইকে জানিয়ে দেওয়া হবে। তারপর নতুন জীবনে কী করব, সেটা আপাতত আমি নিজেই ভাবছি না। দয়া করে আপনারাও মানসিক চাপ নেবেন না। আপনারাও ভালো থাকুন, আমাদেরও ভালো থাকতে দিন। জীবন থেমে থাকে না, নিশ্চিত নতুন করে পথচলা শুরু করব। তবে এটাও নিশ্চিত, আমার নতুন পথচলায় কাছের মানুষরাই আমন্ত্রিত হবেন।’

এর আগে ২০১৯ সালের ১ জানুয়ারি ফেইসবুকেই স্বামীর কাছ থেকে আলাদা থাকার কথা জানিয়েছিলেন ন্যান্সি। দেশ রূপান্তরকে তখন তিনি জানিয়েছিলেন, ‘বিচ্ছেদের জন্য আমরা আলাদা থাকছি না। আমরা তেমন কোনো সিদ্ধান্তও নিইনি। দাম্পত্য জীবনে দুজনের মধ্যে তৈরি হওয়া দূরত্ব কমানোর জন্যই আলাদা থাকার সিদ্ধান্ত।’ সেই দূরত্ব এত দিনে কতটা কমেছে, তা জানা না গেলেও দুই বছর পর আবার আলাদা থাকছেন বলে পোস্ট দেওয়ার অর্থ- সম্পর্কটা ঝালাই করে নেওয়া হয়নি তাদের।

২০১৩ সালের ৪ মার্চ ময়মনসিংহের নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যান্সি। জায়েদ ও ন্যান্সির সংসারে নায়লা নামে এক কন্যাসন্তান রয়েছে। জায়েদ ময়মনসিংহ পৌরসভায় চাকরির পাশাপাশি ব্যবসা করেন। এর আগে ২০০৬ সালে আরেক ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেছিলেন ন্যান্সি। ২০১২ সালের ২৪ মে ছয় বছরের সেই সংসারের ইতি টানেন তারা। পরের বছরই দ্বিতীয় সংসার শুরু করেন ন্যান্সি। প্রথম সংসারে রোদেলা নামে আরেকটি কন্যাসন্তান আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত