টটেনহ্যাম হটস্পারের শিরোপার অপেক্ষা বাড়িয়ে দিয়ে ইংলিশ লিগ কাপ এবারও নিজেদের করে নিয়েছে ম্যানচেস্টার সিটি। রবিবার ওয়েম্বলির ফাইনালে পেপ গার্দিওলার শিষ্যরা ১-০ গোলে হারায় টটেনহ্যামকে। টানা চতুর্থ শিরোপা জয়ে লিগ কাপের সর্বোচ্চ ৮ শিরোপা জয়ে লিভারপুলের রেকর্ডের সমকক্ষতা অর্জন করল সিটিজেনরা।
করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ওয়েম্বলিতে মোট ৮ হাজার দর্শক উপস্থিত ছিল। গেল ১৩ মাসের মধ্যে এই প্রথম ইংল্যান্ডের কোনো ম্যাচে দু’দলের (২ হাজার করে) দর্শক ঢোকার অনুমতি পায়। এমন ম্যাচে সিটির দাপট ছিল বেশি। প্রথমার্ধে ম্যানসিটি গোলের উদ্দেশে শট নেয় ১০টি, টটেনহ্যাম মাত্র একটি। ৪৭ মিনিটে গোলকিপারের দক্ষতায় বেঁচে যায় সিটিজেনরা। জিওভানি লো সেলসোর শট ফিরিয়ে দেন জ্যাক স্টিভেন। ৭৪ মিনিটে রিয়াদ মাহারেজের শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে রক্ষা করে টটেনহ্যামের আশা বাঁচিয়ে রাখে গোলকিপার হুগো লরিস। কিন্তু শেষ রক্ষা হয়নি। ৮২ মিনিটে ম্যাচ সেরা কেভিন ডি ব্রুইনের ফ্রি-কিক থেকে হেডে জয়সূচক গোলটি করেন লাপোর্তা।
পেপ গার্দিওলা কোচ হিসেবে সিটিতে প্রথম মৌসুমে কিছুই জেতেননি। কিন্তু এরপর থেকে প্রতিবারই অন্তত লিগ কাপটা গেছে সিটির ঘরে। তাই মজা করে বলাই যায়- যতদিন গার্দিওলা সিটিতে আছেন লিগ কাপ আয়োজনেরই বা দরকার কি, শিরোপাটা সিটিকে দিয়ে দিলেই হয়! প্রথম কোচ হিসেবে টানা চার লিগ কাপ জয়ের রেকর্ডও গড়েছেন গার্দিওলা। সবচেয়ে বেশি লিগ কাপ জেতা কোচের তালিকাতেও যৌথভাবে আছেন তিনি। গার্দিওলা ছাড়াও এ তালিকায় আছেন ব্রায়ান ক্লফ, স্যার অ্যালেক্স ফার্গুসন, হোসে মরিনহো। সিটি ছাড়াও টানা চার লিগ কাপ জেতার রেকর্ড আছে লিভারপুলের।
ম্যাচ শেষে গার্দিওলা বলেন, ‘পুরো মাঠ (দর্শকে) ভরা ছিল না কিন্তু দারুণ উৎসাহ জুগিয়েছে সমর্থকরা। আমরা টানা চার মৌসুমে এ শিরোপা জিতে খুশি। আমরা প্রতিটি ম্যাচে গুরুত্ব দিই তার প্রমাণ টানা চার শিরোপা। এখন আমরা পিএসজির বিপক্ষে সেমির জন্য প্রস্তুতি নেব। দুই জয় দূরে আছি গুরুত্বপূর্ণ (প্রিমিয়ার লিগ) শিরোপা জয় থেকে। সেটির জন্যও সর্বাত্মক চেষ্টা করব।’ ২০০৮ সালে বার্সেলোনার কোচ হন পেপ। এরপর থেকে কোচ হিসেবে গার্দিওলা ৩০টি শিরোপা জিতল। গেল সপ্তাহে এফএ কাপের সেমিফাইনালে চেলসির বিপক্ষে হেরে মৌসুমে চার শিরোপার স্বপ্ন শেষ হয়ে গেছে সিটির। লিগ কাপ জিতেছে, ইংলিশ লিগে আছে শীর্ষস্থানে, চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালে তারা খেলবে পিএসজির সঙ্গে। ফলে ট্রেবল জয়ের সম্ভাবনা এখনো আছে তাদের।
টটেনহ্যামের সবশেষ শিরোপা ছিল ২০০৭-০৮ মৌসুমে জেতা লিগ কাপ। এরপর সব প্রতিযোগিতা মিলিয়ে চারটি ফাইনালে (৩টি লিগ কাপ, ১টি চ্যাম্পিয়নস লিগ) উঠে হারল স্পার্সরা। শেষ বাঁশির পর মাঠেই কান্নায় ভেঙে পড়েন টটেনহ্যাম ফরোয়ার্ড সন হিয়ুং মিন। দলটির ২৯ বছরের কোচ রায়ান ম্যাসন ড্রেসিং রুমের পরিস্থিতির কথা জানাতে গিয়ে বলেন, ‘এটি কষ্টকর। খেলোয়াড় হিসেবেও আমি ড্রেসিং রুমে ছিলাম। একটি কাপ ফাইনাল হেরেছি। আমি জানি এর অনুভূতিটা কেমন। কষ্ট পাওয়াটা স্বাভাবিক কেননা দলের সবাই ক্লাবটিকে নিয়ে চিন্তা করে। তারা সবাই শতভাগ চেষ্টা করেছে জয়ের জন্য।’
