এক জোড়া নাইকি এয়ার ইজি স্নিকার্সের দাম কত হতে পারে? কয়েক লাখ টাকা। না, কয়েক কোটিতেও বিক্রি হতে পারে। আর তা যদি হয় কেনি ওয়েস্টের মতো সেলিব্রিটির ব্যবহৃত।
সিএনএন জানায়, এক প্রাইভেট সেলে নিলামের ওঠে এক জোড়া স্নিকার। যা প্রচারের জন্য উপহার হিসেবে পেয়েছিলেন র্যাপার ওয়েস্ট।
এক বিবৃতিতে নিলাম ঘর সোথবি জানায়, জুতা জোড়া ১৮ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১৫ কোটি টাকারও বেশি দামে বিক্রি হয়েছে। এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে দামি জুতা জোড়ায় পরিণত হলো কেনি ওয়েস্টের পরা এ স্নিকার্স।
৫০তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ডসে ২০০৮ সালে ইজির এই প্রোটোটাইপ পরে মঞ্চে উঠেন ওয়েস্ট। সেখানে স্নিকার জোড়ার প্রিমিয়ার হলেও আনুষ্ঠানিকভাবে কখনো দোকানে ওঠেনি।
এখন নিলাম ঘর জানাচ্ছে, প্রথমবারের ১০ লাখ ডলারের বেশি দামে কোনো স্নিকার্স বিক্রি হলো।
১২ সাইজের জুতা জোড়াটি কিনেছে রেয়ারস নামের একটি ইনভেস্টিং প্ল্যাটফর্ম। যারা সীমিত সংস্করণ ও চাহিদাসম্পন্ন বিরল স্নিকার্স নিয়ে কাজ করে। প্রতিষ্ঠানটির মতে, কেনি ওয়েস্টের জুতা জোড়া ‘এক টুকরো ইতিহাস’।
এ দিকে সম্প্রতি ব্যক্তিগত জটিলতা নিয়ে আলোচনায় এসেছেন কেনি ওয়েস্ট। স্ত্রী কিম কার্দাশিয়ান তার কাছ থেকে বিচ্ছেদ চেয়ে আদালতে আবেদন করেছেন।
