ইলিয়াস আলীর বিষয়ে মির্জা আব্বাসের ব্যাখ্যা

অনিচ্ছাকৃত বক্তব্যে দলের ক্ষতি হলে দুঃখিত

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ০৫:১৪ এএম

বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর বিষয়ে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গত সোমবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পাঠানো লিখিত বক্তব্যে তিনি বলেছেন, ‘আমার অনিচ্ছাকৃত বক্তব্যের জন্য দলের কোনো ক্ষতি হয়ে থাকলে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আশা করি, এ জবাবের মাধ্যমে চলমান ভুল বোঝাবুঝির অবসান হবে।’

গত ১৭ এপ্রিল ইলিয়াস আলীর নিখোঁজের নয় বছর পূর্তি উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় মির্জা আব্বাস বলেন, ‘ইলিয়াস আলী নিখোঁজের পেছনে দলের একটা অংশ জড়িত। সরকার ইলিয়াস আলীকে অপহরণ করেনি।’ তার এ বক্তব্যে দলে ও দলের বাইরে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। এরপর গত বৃহস্পতিবার দলের পক্ষ থেকে মির্জা আব্বাসের কাছে বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়।

মির্জা আব্বাসের লিখিত ব্যাখ্যার একটি কপি দেশ রূপান্তরের হাতে এসেছে। এতে তিনি বলেছেন, ‘১৭ এপ্রিল আমি ভার্চুয়াল বক্তব্য রাখি, ঠিক তার পর মুহূর্তেই ছিল স্থায়ী কমিটির বৈঠক। এজন্য বক্তব্য সংক্ষেপ করার তাড়া আসে। ফলে কথাগুলো যেভাবে বলতে চেয়েছি, সেভাবে পারিনি। বক্তব্যে এমন কিছু শব্দ চলে এসেছে, যা অনিচ্ছাকৃত। আমি দলকে প্রশ্নবিদ্ধ করার জন্য কিছুই বলিনি। এরপরও ভুলত্রুটি হয়ে থাকলে, তা অনিচ্ছাকৃত। সেদিন সময় পেলে এমনটি হতো না।’

মির্জা আব্বাস বলেন, ‘ইস্যুটি আমার রাজনৈতিক আদর্শকে প্রশ্নবিদ্ধ করেছে। তারপরও বলতে চাই, যেকোনো পরিস্থিতিতে দলের বিরুদ্ধে আওয়ামী লীগের কূটকৌশলের যথাযথ জবাব দেওয়ার জন্য আমি প্রস্তুত থাকব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ফ্যাসিবাদী সরকার অনৈতিক শাসন দীর্ঘায়িত, বিএনপি ও বিরুদ্ধ মতকে ধ্বংস করতে গুম, খুন, নির্যাতন, দমন-পীড়ন ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে। ইলিয়াস আলীসহ এ যাবৎ যত রাজনীতিবিদ, সাংবাদিক, মানবাধিকারকর্মী গুম হয়েছেন, তা বর্তমান সরকারই করেছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ও তাদের আজ্ঞাবহ মিডিয়া ভিন্নভাবে আমার বক্তব্য উপস্থাপন করে দল ও আমাকে বেকায়দায় ফেলেছে। কিন্তু আমার দলও এ বক্তব্যের অন্তর্নিহিত বিষয় অনুধাবনের চেষ্টা না করে, আওয়ামী লীগের কূটকৌশলের জবাব না দিয়ে, উল্টো চিঠি দেওয়ার মাধ্যমে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছে।’

বিএনপির এ নেতা বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে আমি রাজনীতিতে এসেছি। দীর্ঘ ৪৫ বছরের রাজনৈতিক জীবনে দল ও জিয়া পরিবারের প্রতি কর্তব্য পালন এবং সংগঠনের ক্ষতি হয় এমন কিছুই আমি করিনি। ওইদিন আমি বোঝাতে চেয়েছি, ইলিয়াস আলী ও সালাহউদ্দিন আহমেদের গুম একই সূত্রে গাথা। সরকার বলছে তারা করেনি। আমি মূলত সরকারের বক্তব্য কটাক্ষ করতে চেয়েছি। অথচ আমার কটাক্ষ করা বক্তব্য ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বড় দলে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, নেতৃত্বের প্রতিযোগিতা ও গ্রুপিং থাকে। বাইরের কেউ যেন এগুলোকে ব্যবহার করে দলের নেতাদের ক্ষতিসাধন করতে না পারে, বক্তব্যে আমি এ পরামর্শ দিয়েছি। কিন্তু সেটি সঠিকভাবে মিডিয়ায় আসেনি, ভুল ব্যাখ্যা দাঁড় করানো হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত