বিবৃতিতে ফখরুল

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উদ্ভট মামলা দিচ্ছে সরকার

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ০৫:১৬ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ‘কল্পকাহিনী সাজিয়ে’ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উদ্ভট মামলা দিচ্ছে। গতকাল মঙ্গলবার বিএনপির দপ্তরের চলতি দায়িত্বে থাকা দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এ সরকারের কোনো গণভিত্তি নেই। তাই বর্তমান ভোটারবিহীন সরকার জুলুম-নির্যাতন ও সন্ত্রাসের ওপর নির্ভরশীল। জোর করে ক্ষমতা ধরে রাখতে গিয়ে সরকার বিকারগ্রস্ত হয়ে পড়েছে। দেশের জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে এ সরকার ক্রুদ্ধ হয়ে উঠেছে। আর এ ভয়ংকর ক্রুদ্ধতার বিষাক্ত ছোবল গিয়ে পড়ছে বিরোধী নেতাকর্মীদের ওপর।’

তিনি বলেন, ‘দেশে আইনের শাসনের বদলে আওয়ামী শাসনের এক বীভৎস বিকৃত রূপ তীব্র মাত্রা ধারণ করেছে। যার ফলে জনসমাজে কারও কোনো সম্মান, নিরাপত্তা ও জীবনযাপনের স্বাভাবিকতা নেই। সারা দেশের সর্বত্র সরকারের উন্মত্ত আচরণ মোকাবিলা করে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ গণতান্ত্রিক শক্তিকে এগিয়ে আসার কোনো বিকল্প নেই।’

বিএনপি মহাসচিব বলেন, ‘অপরিকল্পিত লকডাউনে বিরোধী দলের ওপর ক্র্যাকডাউনের ধারাবাহিকতায় সারা দেশে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলার অংশ হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ও দলের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং হাটহাজারী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সৈয়দ ইকবাল, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গিয়াস উদ্দিন চেয়ারম্যান, উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আবদুল কাদের, হাটহাজারী পৌর যুবদলের আহ্বায়ক মির্জা এমদাদ, সদস্য সচিব নুরুল কবির তালুকদার, হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তকিবুল হাসান চৌধুরী তকি, সদস্য সচিব হেলাল উদ্দিনসহ তিন শতাধিক নেতাকর্মীর নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করা হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘হেফাজতে ইসলামের কোনো কর্মসূচির সঙ্গে সম্পৃক্ততা না থাকলেও রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে দমন ও জনদৃষ্টিকে ভিন্ন দিকে সরাতেই সরকার উল্লিখিত নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করছে। রোজা ও করোনার মধ্যেও হরহামেশা তাদের বাড়িতে গ্রেপ্তার অভিযান চালিয়ে পরিবার-পরিজনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছে পুলিশ। নেতাকর্মীদের না পেয়ে তাদের পরিবারের সদস্যদের থানায় ডেকে নিয়ে হুমকি ও চাপ দেওয়া হচ্ছে।’

বিবৃতিতে অবিলম্বে মীর হেলাল উদ্দিনসহ হাটহাজারী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান মির্জা ফখরুল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত