৪% সুদে ঋণ পাবেন ক্ষুদ্র উদ্যোক্তারা

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ০৫:৪৪ এএম

করোনাভাইরাস অতিমারীর ক্ষতি পোষাতে এবং পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের দ্বিতীয় দফার প্রণোদনার আওতায় মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের ৪ শতাংশ সুদহারে ৩০০ কোটি টাকা ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন। এর মধ্যে চলতি অর্থবছর ১০০ কোটি টাকা এবং আগামী অর্থবছরে ২০০ কোটি টাকা বিতরণ করা হবে।

১১টি ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে এ ঋণ বিতরণ করা হবে। ইতিমধ্যে এসব প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। এ ১১ প্রতিষ্ঠান হলোÑ ব্র্যাংক ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, সাউথইস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, প্রাইম ব্যাংক, বেসিক ব্যাংক, আইডিএলসি ফাইন্যান্স এবং লংকাবাংলা ফাইন্যান্স।

এসব প্রতিষ্ঠান সারা দেশে চিহ্নিত বিভিন্ন ক্লাস্টারের উদ্যোক্তা এবং এসএমই ফাউন্ডেশন, সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন ও অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সুপারিশকৃত এসএমই উপখাত, ব্যবসায়ী সংগঠনের তালিকাভুক্ত উদ্যোক্তা ও সিএমএসএমই খাতের জন্য সরকার ঘোষিত প্রথম দফার প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ না পাওয়া পল্লী ও প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদের ঋণ প্রদান করবে। মোট ঋণের ২৫ থেকে ৩০ শতাংশ পাবেন নারী উদ্যোক্তারা।

এদিকে চুক্তিবদ্ধ হওয়া ১১ প্রতিষ্ঠান ছাড়াও প্রত্যন্ত অঞ্চলের উদ্যোক্তাদের ঋণের আওতায় আনতে বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকসহ আরও কয়েকটি সরকারি-বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সইয়ের প্রক্রিয়াও শুরু করেছে এসএমই ফাউন্ডেশন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত