কুমিল্লায় দুর্বৃত্তদের পৃথক হামলায় আহত ৬

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ১১:৩৬ এএম

কুমিল্লার মেঘনা ও তিতাস উপজেলায় পৃথক হামলার ঘটনায় ৬জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাত সাড়ে আটটায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাসী সূত্রে জানা যায়, গৌরীপুর-হোমনা সড়কের তিতাস উপজেলার কড়িকান্দি বাজারের দক্ষিণ পাশের সেতুতে ইফতারের পর থেকে আশরাফুল ও বাধনসহ ৪-৫ জন বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলেন।  রাত সাড়ে ৮টার দিকে দুটি সিএনজিচালিত অটোরিকশায় ১০-১২ জন  এসে তাদের উপর হামলা করে পালিয়ে যায়।

হামলায় আহত কড়িকান্দি গ্রামের জহিরুল ইসলামের ছেলে আশরাফুল(২০) ও কলাকান্দি গ্রামের জানে আলমের ছেলে বাধনকে (১৮) তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাতেই আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়।

একইদিন সন্ধ্যায় মেঘনা উপজেলার মানিকারচর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ইউপি চেয়ারম্যান হারুনের লোকজন যুবলীগ নেতা জাকিরের লোকজনের উপর হামলার অভিযোগ উঠেছে। এতে মহি উদ্দিন মহি (৪৮) নামের আহত একজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। 

স্থানীয়রা জানান, ইউপি নির্বাচনকে ঘিরে মানিকারচর ইউনিনের চেয়ারম্যান হারুন ও যুবলীগ নেতা জাকির হোসেনের সাথে দীর্ঘদিন ধরে চাপা দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে সোমবার উপজেলা পরিষদ ভবনের সামনে উভয়ের মধ্যে তর্কবিতর্কের ঘটনা ঘটে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনার রেশ ধরেই হারুন চেয়ারম্যানের লোকজন মহির উপড় হামলা করেছে বলে যুবলীগ নেতা জাকির হোসেন জানান।

হারুন চেয়ারম্যান বলেন, আমি জরুরি কাজে কুমিল্লা ছিলাম, রাতে এসে শুনেছি সোমবারের ঘটনাকে কেন্দ্র করেই মঙ্গলবার রাতে হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের লোকজনই আহত হয়েছেন।

মেঘনা থানার ওসি আব্দুল মজিদ দেশ রূপান্তরকে বলেন, মঙ্গলবার ইফতারের পর অতর্কিত হামলার কথা শুনেছি। এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত