করোনায় সংক্রমিত হওয়া সত্ত্বেও ভারতে অনেকের শরীরে স্বাভাবিক রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠেনি বলে সম্প্রতি একটি সমীক্ষায় উঠে এসেছে। সমীক্ষার
উদ্ধৃতি দিয়ে আনন্দবাজার জানিয়েছে, করোনাভাইরাস প্রতিরোধী অ্যান্টিবডির অনুপস্থিতি সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের অন্যতম কারণ। কভিড সংক্রমণের পরে সুস্থ হয়ে উঠেছেন এমন ব্যক্তিদের নিয়ে গত মার্চে একটি সমীক্ষা করেছিল কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)। সমীক্ষার ফলাফল বলছে, ১০৪২৭ জনের ওপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে, অ্যান্টিবডি তৈরি হয়েছে (সেরোপজিটিভ) মাত্র ১০.১৪ শতাংশের দেহে। ১৭টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে সিএসআইআর কর্মীদের ওপর পরীক্ষা চালিয়ে এই তথ্য পাওয়া গেছে।
সমীক্ষার এই ফলাফলে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের চিকিৎসা বিজ্ঞানীরা।
