বোর্ডের সঙ্গে পারিশ্রমিক নিয়ে বিতন্ডা ক্রিকেটে নতুন কিছু না। এমন পরিস্থিতির কারণে অস্ট্রেলিয়া, উইন্ডিজ, দক্ষিণ আফ্রিকায় ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্রিকেটাররা মুখামুখি হয়ে পড়েছিল। এবার সেই অবস্থা শ্রীলঙ্কাতে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ চলমান, অথচ মাঠের বাইরের এই আলোচনায় মনযোগী হতে হচ্ছে ক্রিকেটারদের। কারণ লঙ্কান ক্রিকেট বোর্ড আগের চুক্তি থেকে মোটা অঙ্ক কমিয়ে নতুন চুক্তি অফার করেছে ক্রিকেটারদের। এতে ক্ষুব্ধ ক্রিকেটাররা চুক্তিতে সই না করার সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে ২০১৩ সালের পর আবারও পারিশ্রমিক নিয়ে উত্তপ্ত পরিস্থিতি হতে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে।
গত জানুয়ারি থেকেই লঙ্কান ক্রিকেটাররা কেন্দ্রীয় চুক্তিতে নেই। বার্ষিক পারিশ্রমিকের ২০০ ভাগ কেটে নেওয়ায় নাখোশ তারা। আগে একজন শীর্ষ ক্রিকেটারের পারিশ্রমিক ছিল ১ লাখ ৩০ হাজার ডলার। নতুন চুক্তি অনুযায়ী তাদের ৪৫ হাজার ডলার দিতে চাইছে বোর্ড। এছাড়া টেস্ট খেলার অভিজ্ঞতা অনুযায়ী ৫০০ থেকে ২০০০ ডলার পর্যন্ত ম্যাচ প্রতি যে বোনাস ছিল তাও দিবে না বোর্ড। লঙ্কান বোর্ডের এই সিদ্ধান্তেও রেগে আগুন ক্রিকেটাররা।
তবে লঙ্কান বোর্ড বলছে ভিন্ন কথা। তারা পয়েন্ট সিস্টেমের পারিশ্রমিক দিতে চাইছে। তিন ফরম্যাটে খেলা ক্রিকেটাররা তাদের হিসেবে ১ লাখ ডলারের মতো পাবেন। কিন্তু একটি ফরম্যাটের জন্য তা নেমে যাবে ৪৫ হাজারে। সেদিক থেকে অভিজ্ঞ পেসার সুরঙ্গ লাকমলের মতো ক্রিকেটাররা বঞ্চিত হচ্ছেন। কারণ লাকমলের বেশিরভাগ টেস্টেই খেলা হয়। সে হিসেবে ৪৫ হাজার পাচ্ছেন ৬১ টেস্ট খেলা এই অভিজ্ঞ তারকা।
এজন্যই ক্ষুব্ধ লঙ্কান ক্রিকেটাররা। যা লঙ্কান ক্রিকেটকে উইন্ডিজের মতো অবস্থায় ফেলতে পারে। লাকমলের মতো অভিজ্ঞ ক্রিকেটার জাতীয় দল বাদ দিয়ে কোনো ইংলিশ কাউন্টির সঙ্গে চুক্তি করলে অনায়াসে বছরে ৩ লাখ পাউন্ড উপার্জন করবেন। এমন কিছু হলে শ্রীলঙ্কা ক্রিকেটেরই ক্ষতি।
