পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংক ২০২০ সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের সাড়ে ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশের মধ্যে সাড়ে ৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস। ২০২০ সালের ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে গতকাল এই লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।
এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমালের সভাপতিত্বে গতকাল ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ১১৯তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ২০২০ সালে এনআরবিসির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৭ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৯৮ পয়সা। সর্বশেষ হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হচ্ছে ১৬ টাকা ৮৮ পয়সা, যা আগের বছর ছিল ১৪ টাকা ৮ পয়সা। ঘোষিত লভ্যাংশ পেতে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ মে। ব্যাংকটির অষ্টম বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ২৬ জুন সকাল ১১টায়।
