বাণিজ্য মন্ত্রণালয়ের ‘বিশেষ সেবা সপ্তাহ’ শুরু ৩০ এপ্রিল

আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ১১:০০ পিএম

রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে আজ শুক্রবার থেকে ৬ মে পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরগুলোতে ‘বিশেষ সেবা সপ্তাহ’ পালন করা হবে।

গতকাল বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বিশেষ সেবা সপ্তাহ পালনে মন্ত্রণালয়ের আওতাধীন সব দপ্তর ও সংস্থা বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সেবা সপ্তাহ পালন করা হবে। বাণিজ্য মন্ত্রণালয় করোনাকালে রমজান ও ঈদুল ফিতর সামনে রেখে বাজারে অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার স্বার্থে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করেছে। নিত্যপণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে বন্দরগুলোসহ সব পরিবহন ও  যোগাযোগ ব্যবস্থা অটুট রাখতে সমন্বয় কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে টিসিবি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য-সামগ্রী অধিকসংখ্যক জনগণের মধ্যে বিতরণের ব্যবস্থা  নেবে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিত্যপণ্যের মজুদ ও সরবরাহ, ন্যায্যমূল্যে ক্রয়-বিক্রয় এবং মূল্য স্থিতিশীল রাখতে দেশব্যাপী শুক্র ও শনিবারসহ সাত দিন বাজার তদারকি কার্যক্রম জোরদার করবে। এ ছাড়া রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে রপ্তানির বিপরীতে ইস্যু করা সব সার্টিফিকেট আবেদনের তারিখের মধ্যে  সেবা দিতে হেল্প ডেস্ক স্থাপন করা হবে। এ ছাড়া রপ্তানিবিষয়ক যেকোনো পরামর্শ দিতে ‘পরামর্শ ডেস্ক স্থাপন’ করা হবে।

চলতি মৌসুমে চা উৎপাদন স্বাভাবিক রাখতে দেশের সব বাগানে ভর্তুকি মূল্যে সার বিতরণে সহায়তা প্রদান কার্যক্রম ও অনলাইন চা রপ্তানি লাইসেন্স প্রদান অব্যাহত রাখবে চা বোর্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত