ঈদে একাধিক গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী পড়শি। এর মধ্যে আছে তার জনপ্রিয় জুটি ইমরানের সঙ্গে প্রতীক্ষিত মিউজিক ভিডিও। এসব নিয়ে পড়শির সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
নতুন মিউজিক ভিডিও...
ঈদ উপলক্ষে ‘এক দেখায়’ শিরোনামে একটি ব্যয়বহুল মিউজিক ভিডিও করেছি। প্রযোজনা করেছে সিএমভি। তাদের ব্যানারেই ৫ মে ভিডিওটি অবমুক্ত হবে। আমার সঙ্গে গানটি ডুয়েট গেয়েছেন ইমরান মাহমুদুল। এর আগে তার সঙ্গে আমার সবকটি গান দর্শক দারুণভাবে গ্রহণ করেছে। এই কাজটি দেখেও দর্শক মুগ্ধ হবে বলে আমার বিশ্বাস।
অভিজ্ঞতা...
৪-৫ মিনিটের একটি মিউজিক ভিডিওর শ্যুটিং আমরা ৩দিন সময় নিয়ে করেছি। বুঝতেই পারছেন কতটা পরিকল্পনা করে পারফেক্টলি কাজটি করতে চেয়েছি। বেশ কষ্ট করতে হয়েছে শ্যুটিংয়ে। কারণ এর এক অংশের কাজ হয়েছে তীব্র শীতের মধ্যে, অন্য অংশের প্রচ- গরমে। কিন্তু গ্ল্যামারধর্মী ভিডিওতে যে ধরনের পোশাক ব্যবহৃত হয় আমরা সেগুলোই পরেছি। শুধু তাই নয়, অত শীতের মধ্যে ময়মনসিংহে টানা জার্নি করে গিয়ে মাত্র দু ঘণ্টা ঘুমিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেছি। সব কষ্ট দর্শককে একটি ভালো কাজ উপহার দেওয়ার জন্য। আমি ভক্তদের ফাঁকি দিতে চাই না। তারা অনেক ছোট বয়স থেকেই আমাকে তারকা পড়শি বানিয়েছে। এই দায়বদ্ধতা আজীবন থাকবে।
ইমরানের সঙ্গে রসায়ন...
ইমরানের সঙ্গে গানের রসায়ন নিয়ে নতুন করে বলার কিছু নেই। ভক্ত দর্শক সবই জানেন। ব্যক্তিগতভাবে বলতে গেলে, আমি তাকে চিনি এক যুগেরও বেশি সময়। আমরা পর পর দুই বছর চ্যানেল আইয়ের গানের প্রতিযোগিতা থেকে বেরিয়েছি। সে যেহেতু বড়দের প্রতিযোগিতা থেকে এসেছে তাই আমাদের ছোটদের প্রতিযোগীদের নানাভাবে সাহায্য করত। তখন থেকেই তার সঙ্গেই কেন যেন আমার বেশি গাওয়া হতো। এরপর তো আমার অ্যালবামে আমরা ডুয়েট গেয়েছি, তার অ্যালবামেও ডুয়েট গেয়েছি। সিনেমাতেও অনেক গান আছে। তবে প্রপার মিউজিক ভিডিও হিসেবে এবারের ‘এক দেখায়’ গানটি আমাদের তৃতীয় কাজ। তার সঙ্গে সহকর্মীর চেয়ে ভাই, বন্ধুর সম্পর্কই বেশি। আমরা বন্ধুত্বকে পেশার মধ্যে আনিনি বলেই এখনো সম্পর্ক টিকে আছে। এজন্য আমাদের একসঙ্গে গানের সংখ্যাও কম। কিন্তু মানসিক টানটা আছে। এমনও হয়েছে, হুট করে ইমরান আম্মুকে ফোন করে বলল, আন্টি পড়শি ঠিক আছে তো? ওকে নিয়ে একটা বাজে স্বপ্ন দেখেছি! আমাদের সম্পর্কটা এমন। লোকের সামনে তাকে ইমরান ভাই বলে ডাকলেও নিজেদের মধ্যে তুই তুকারি সম্পর্ক আমাদের।
নতুন কাজ...
এর মধ্যে একটা ঈদের নাটকের জন্য গেয়েছি। গানটির নাম ‘ভুল থেকে হোক শুরু’। নাটকটিতে অভিনয় করবেন তাহসান খান ও মেহজাবিন চৌধুরী। এছাড়া শিগগিরই আমার লেখা ও সুরে একটি নতুন গান রিলিজের প্রস্তুতি নিচ্ছি। এখনো মিউজিক ভিডিওর কাজ বাকি।
