চুরির মালামাল বিজ্ঞাপন দিয়ে অনলাইনে বিক্রি!

আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ০২:০৪ এএম

ঢাকা ও এর আশপাশের এলাকার বাসা-অফিসে চুরিতে জড়িত একটি চক্রের সদস্যদের গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে রাজধানীর ডেমরা ও কদমতলীতে অভিযান চালিয়ে চক্রটির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

চক্রটির সদস্যরা দিনের বেলায় বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে টার্গেট ঠিক করে রাতে ইয়াবা সেবন করে চুরি করত। চুরি করা ল্যাপটপ ও মোবাইল ফোন অনলাইন প্লাটফর্মে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করত। আর বিজ্ঞাপন দেওয়ার কাজে মিথ্যা তথ্য দিয়ে নিবন্ধিত সিম ব্যবহার করা হতো।

গ্রেপ্তারকৃতরা হলো চক্রের প্রধান আব্দুল গাফফার (৩৯) এবং সদস্য নজরুল ইসলাম ওরফে সোহাগ (৩০), রিপন (২৮), মাসুদ তালুকদার (৩২) ও মাসুদ (৩০)। গতকাল বৃহস্পতিবার অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. নাজমুল হক এসব তথ্য জানান।

তিনি বলেন, চুরির সময় চক্রের সদস্য রিপন পিকআপ নিয়ে বাইরে অপেক্ষা করত। আব্দুল গাফফার ও মাসুদ বাইরের অবস্থা পর্যবেক্ষণ করত। আর গ্রিল ভেঙে বাসা বা অফিসের ভেতরে প্রবেশ করত নজরুল। চুরি করা মালামাল পিকআপে করে গাফফারের বাসায় নিয়ে ভাগাভাগি করা হতো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত