দুই টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে আছেন তামিম ইকবাল। প্রথম টেস্টে ব্যাট হাতে দুই ইনিংসে ফিফটি করেছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার। বৃহস্পতিবার থেকে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু করেছে টাইগাররা। ব্যাট হাতে এখনো মাঠে নামেননি তামিম।
মাঝখানে রানের দেখা না পাওয়ায় বেশ সমালোচনাও শুনতে হয়েছিল তাকে। তবে সব ব্যর্থতা ঝেড়ে স্বরূপে ফেরা তামিম কথা বলেছেন নিজের পরিবর্তন নিয়ে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো’তে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ডায়েট নিয়ে যেমন কথা বলেছেন, তেমনি প্রিয় খাবারের নামও জানিয়েছেন তিনি।
ক্রিকইনফোর এক জনপ্রিয় বিভাগের নাম ‘ক্রাঞ্চ টাইম’। যেখানে ক্রিকেটাররা তাদের প্রিয় খাবার, সফরে থাকলে কোন খাবার খান, দলের কে ভালো রান্না করেন, ডায়েট এসব মজার বিষয় নিয়ে কথা বলেন। এবার জনপ্রিয় ক্রীড়া ওয়েবসাইটটি প্রকাশ করেছে তামিমের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন ক্রিকইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইশাম।
মহামারির সময় তামিম কীভাবে ডায়েট করেছেন, সচরাচর কোন স্ন্যাক পছন্দ করেন তা জানিয়েছেন। চিকেন গ্রিল ও সবজি খেতে পছন্দ করা তামিমের আরও দুটি প্রিয় খাবার হলো পোলাও ও চিকেন রোস্ট।
সতীর্থদের মধ্যে সবচেয়ে কে ভালো রান্না করেন? এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘যখন আমরা লম্বা সফরে থাকি এবং হোটেলে কিচেনের সুবিধা থাকে, আমাদের একত্রে রান্না করার সংস্কৃতি রয়েছে। ইমরুল কায়েস আমাদের প্রধান পাচক। তবে সে যদি দলে না থাকে, মুশফিক দায়িত্ব নেয়। সে খুব ভালো রাঁধে। সে চিকেনই রাঁধে। আমরা সাধারণত খিচুড়ি, চিকেন ও বিভিন্ন প্রকারের ভর্তা করি। অনেক সফরে, যেমন দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কায় আমরা রান্না করে খেয়েছি।’
