প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ব্র্যাক ব্যাংকের ৫ কোটি টাকা সহায়তা

আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ০৯:০৯ পিএম

করোনা আক্রান্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে পাঁচ কোটি টাকার আর্থিক সহায়তা করেছে ব্র্যাক ব্যাংক।

গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দেয়ার জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস (বিএবি)- এর কাছে পাঁচ কোটি টাকার একটি চেক হস্তান্তর করে ব্র্যাক ব্যাংক।

গত সোমবার অনুষ্ঠিত বিএবির এক ভার্চুয়াল বৈঠকে জরুরি ভিত্তিতে করোনায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য খাদ্য সহায়তার ব্যাপারে আলোচনা হয় এবং প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে আর্থিক সহায়তার প্রস্তাব করা হয়।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, এই কঠিন সময়ে প্রান্তিক মানুষকে সহায়তা করতে পেরে ব্র্যাক ব্যাংক সম্মানিত। কোভিড-১৯ লাখ লাখ মানুষের জীবিকার ওপর প্রভাব ফেলেছে। আমরা আশা করছি আমাদের এই ছোট্ট অবদান সম্মিলিতভাবে তাদেরকে এই সংকট কাটিয়ে উঠতে সহায়তা করবে। মানুষের প্রয়োজনে আমরা আমাদের সহায়তা অব্যাহত রাখব।

এর আগে গত মার্চ মাসে মুজিব বর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গৃহহীনদের সহায়তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অনুকূলে ৫ কোটি টাকা সহায়তা করেছিল ব্র্যাক ব্যাংক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত