ওল্ড ট্রাফোর্ডে দর্শক বিদ্রোহ, স্থগিত ম্যানইউ-লিভারপুল ম্যাচ

আপডেট : ০২ মে ২০২১, ১০:৪০ পিএম

দর্শকদের বিদ্রোহের মুখে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের মধ্যকার ম্যাচটি নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি। পরে স্থগিত করা হয় ম্যাচটি।

রবিবার ম্যানইউয়ের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু ম্যানইউ ক্লাবের স্বত্বাধিকারী ম্যালকম গ্লেজার পরিবারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দুই শর বেশি দর্শক মাঠে ঢুকে পড়ে।

মাঠের বাইরেও বিক্ষোভ করেছে ইউনাইটেড ভক্তরা। একাদশ ঘোষণা করলেও নির্ধারিত সময়ে স্টেডিয়ামে যেতে পারেনি দুই দলের কোনোটিই।

ম্যানচেস্টার ইউনাইটেডসহ ইউরোপের শীর্ষ ১২ ক্লাবের বিতর্কিত ইউরোপিয়ান সুপার লিগে যোগ দেওয়ার প্রতিবাদের ধারাবাহিকতায় সমর্থকদের এই বিক্ষোভ বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি সুপার লিগের ঘোষণা দেওয়ার পর ক্লাবের বিরুদ্ধে তুমুল প্রতিবাদে শামিল হয় প্রিমিয়ার লিগের দলগুলোর সমর্থকরা। তাতে প্রিমিয়ার লিগের ছয়টি ক্লাবই নাম প্রত্যাহার করে নিলে ভেস্তে যেতে বসে সুপার লিগ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, সমর্থকরা ব্যানার, ফ্লেয়ারসহ খেলার মাঠে ঢুকে পড়ে। এমনকি ওল্ড ট্রাফোর্ডের পিচে নিজেদের মধ্যে ফুটবল নিয়েও খেলতে দেখা যায় তাদের।

পুলিশ তাদের কিছু সময়ের জন্য মাঠ থেকে বের করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও আরো সমর্থক দলে দলে মাঠে প্রবেশ করায় বাড়ে বিপত্তি।

তবে এই প্রথম নয়, কিছুদিন আগেও ম্যান ইউনাইটেড সমর্থকরা দলের ট্রেনিং গ্রাউন্ডে নিজেদের প্রতিবাদ জানাতে ঢুকে পড়ে।

মালিক পক্ষের পদত্যাগের দাবির পাশাপাশি জার্মান বুন্দেসলিগার আদলে ৫০+১ নিয়ম প্রবর্তনেরও দাবি ওঠেছে সমর্থকদের থেকে। যেখানে দলের মালিকানার বেশিরভাগটাই থাকে ক্লাব সমর্থকদের অধীনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত