গণপরিবহন চালুর দাবিতে সারা দেশে বিক্ষোভ

আপডেট : ০৩ মে ২০২১, ০২:৫২ এএম

স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুসহ তিন দফা দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পরিবহন শ্রমিকরা। গতকাল রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন বাস টার্মিনাল ও মহাসড়কে এসব কর্মসূচি পালিত হয়। শ্রমিকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে, স্বাস্থ্যবিধি মেনে আসনের অর্ধেক যাত্রী নিয়ে নৌপরিবহন ও পণ্য পরিবহন চলাচলের ব্যবস্থা করা, সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করা এবং সারা দেশে পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকায় ওএমএসের চাল বিক্রির ব্যবস্থা করা। বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে :

ঢাকা : মহানগর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ব্যানারে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সায়েদাবাদ আন্তঃজেলা ও নগর বাস টার্মিনাল শ্রমিক কমিটি। গতকাল সকাল ১০টার পর থেকেই সায়েদাবাদ বাস টার্মিনালে জড়ো হন তিন শতাধিক শ্রমিক। এ সময় তাদের হাতে বিভিন্ন দাবি সংবলিত ব্যানার-ফেস্টুন দেখা যায়। কর্মসূচিতে বক্তারা বলেন, ‘সরকার শুধুই আশ্বাস দিচ্ছে, বাস্তবায়ন করছে না। ফলে আমরা কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।’ ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, ‘শপিং সেন্টার থেকে শুরু করে সব কিছু চালু রাখা হয়েছে। বন্ধ রয়েছে শুধু গণপরিবহন। এতে ৫০ লাখ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে গণপরিবহন চালুর দাবি আমরা সরকারের কাছে জানিয়ে আসছি। কিন্তু কোনো ফল হচ্ছে না।’

গাজীপুর : গতকাল দুপুরে নগরীর চান্দনা চৌরাস্তায় গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক কর্মচারী ইউনিয়নের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। এ সময় সংগঠনটির সভাপতি সুলতান আহমাদ সরকার বলেন, ‘লকডাউনের কারণে চরম ভোগান্তিতে পড়া সড়ক পরিবহন শ্রমিকদের ১০ টাকা কেজি দরে চাল, আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানাই।’ কর্মসূচিতে অন্যদের মধ্যে গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক কর্মচারী ইউনিয়নের মোহাম্মদ শাহিন, ফিরোজ মিয়া, আবুল হোসেন, মোহাম্মদ ইমান আলী, বদরউদ্দিন বদর ও নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

জামালপুর : গতকাল দুপুরে জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। এ সময় শ্রমিক নেতারা বলেন, ‘লকডাউনে সবকিছু প্রায় স্বাভাবিক থাকলেও একমাত্র গণপরিবহন বন্ধ রাখা হয়েছে। ফলে ড্রাইভার, হেলপারসহ এ পেশার সঙ্গে জড়িত শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে।’ এ সময় শ্রমিকদের জন্য আর্থিক অনুদান ও খাদ্য সহায়তার দাবি জানান তারা। সেইসঙ্গে অবিলম্বে তিন দফা দাবি বাস্তবায়ন করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুমকিও দেয় নেতারা। 

জয়পুরহাট : গতকাল বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচুর মোড় জিরো পয়েন্টে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। এ সময় উপস্থিত ছিলেন, জেলা মোটর শ্রমিকের নেতা ইকবাল হোসেন, রাশেদ আহমেদ মিলন আজাহার আলীসহ অন্য সদস্যরা।

খুলনা : গতকাল সকালে নগরীর সোনাডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শতশত চালক, হেলপার, সুপারভাইজর, টিকিট মাস্টার, কাউন্টার মাস্টার, টার্মিনাল লাইনম্যান, কলারম্যান, স্ট্যাটাররা অংশ নেন। সমাবেশে শ্রমিক নেতারা বলেন, ‘লকডাউনে সবকিছু চালু থাকলেও গণপরিবহন বন্ধ রয়েছে। এতে পরিবহন শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছে। একমাত্র উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়ায় তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। এতে অর্ধাহারে-অনাহারে থাকা শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।’

নরসিংদী : গতকাল বেলা ১১টার দিকে নরসিংদী আন্তঃজেলা পৌর বাস টার্মিনালে এই বিক্ষোভ মিছিল হয়। এ সময় বাসের ড্রাইভার, হেলপারসহ মালিকরাও উপস্থিত ছিলেন। কর্মসূচিতে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের ঢাকা বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধা বলেন, ‘গত বছর লকডাউনের সময় শ্রমিকদের জন্য আর্থিক অনুদানসহ খাদ্য সহায়তার ব্যবস্থা ছিল। কিন্তু এবার তাদের জন্য সহায়তার কোনো ব্যবস্থা ছাড়াই গণপরিবহন বন্ধ করে দিয়েছে। ফলে নরসিংদীসহ সারা দেশে অর্থ ও খাদ্য সংকটে মানবেতর জীবনযাপন করছে পরিবহন শ্রমিকরা। আমরা অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর দাবি জানাচ্ছি।’

কিশোরগঞ্জ : গতকাল বেলা ১১টার দিকে ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয়মোড় এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। ঘণ্টাব্যাপী চলা ওইসব কর্মসূচিতে বক্তব্য রাখেন, সংগঠনটির ভৈরব শাখার সভাপতি মো. খলিলুর রহমান, সহ-সভাপতি মো. শরীফ আহমেদ, সাধারণ সম্পাদক মো. হানিফ মিয়া, শ্রমিক নেতা আবু মিয়াসহ অন্যরা। এ সময় তাদের তিন দফা দাবি মেনে না নিলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের ডাক দেবে বলেও হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।

মাগুরা : গতকাল দুপুরে শহরে বিক্ষোভ মিছিল করেছে মাগুরা জেলা বাস ও মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। জেলা মোটর শ্রমিক ইউনিয়ন অফিস থেকে ২ শতাধিক শ্রমিক বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদুর রহমান বলেন, ‘সারা দেশে সবকিছু চলছে কিন্তু গণপরিবহন বন্ধ রয়েছে। প্রায় ১ মাস যাবৎ গণপরিবহন বন্ধ থাকায় পরিবহন কর্মরত চালক-শ্রমিকরা বেকার হয়ে পড়েছে। এ পর্যন্ত সরকারের পক্ষ থেকে শ্রমিকরা কোনো ত্রাণ সহায়তা পায়নি। ফলে শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে।’ অবিলম্বে গণপরিবহন চালু করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান শ্রমিকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত