ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ফখরুল

টিকা সংগ্রহে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি সরকার

আপডেট : ০৩ মে ২০২১, ০৩:০২ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শুধুমাত্র দুর্নীতির সুযোগ নেওয়ার জন্য ভ্যাকসিন সংগ্রহে সরকার সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি।’ গতকাল রবিবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘ভ্যাকসিন সংগ্রহের বিষয়ে আমি শুধু এতটুকু বলতে চাই, সরকার কতটা দায়িত্বহীন হলে, কতটা অযোগ্য হলে, জনগণের সঙ্গে তাদের সম্পর্ক কতটা বিচ্ছিন্ন হলে তারা একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। সেটার কারণটা হচ্ছেÑশুধুমাত্র দুর্নীতির কারণ, অন্য কোনো কারণ এর মধ্যে জড়িত নয়।’

মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার মূলত কতগুলো মাফিয়া চক্রের মধ্যে একত্রিত হয়েছে এবং তাদের নিয়ে তারা দেশ চালাচ্ছেÑ একটা মাফিয়া সরকার তৈরি হয়েছে। এটা আমরা অনেকবারই বলেছিÑ প্রত্যেকটি ক্ষেত্রেই মাফিয়ারাই আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই দেশের জন্যে। বাংলাদেশের পরিণতি যে এটা হবেÑ এটা আমরা কখনো আগে কল্পনাও করতে পারিনি। আজকে দুর্ভাগ্য আমাদের ৫০ বছর পরেও আমাদের এরকম ভয়ংকর একটা পরিস্থিতি দেখতে হচ্ছে। সেই কারণে বারবার করে বলে আসছি, এখনো বলছি যে, আজকে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে অবশ্যই এখানে একটি নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ নির্বাচন হতে হবে। সেই সুষ্ঠু অবাধ নির্বাচন করার জন্যে একটি নিরপেক্ষ সরকার দরকার হবে এবং এজন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে যারা আজকে ক্ষমতা দখল করে আছে তাদের সরিয়ে সত্যিকার অর্থেই জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

গত ১ মে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তুলে ধরেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘ভ্যাকসিনের অভাবে টিকা প্রদানের কার্যক্রম হঠাৎ করেই বন্ধ করায় স্থায়ী কমিটির বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সভা মনে করে যে, আমাদের দেশের সকল স্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিএনপি এই বিষয়ে প্রথম থেকেই সরকারকে সতর্ক করেছে। কিন্তু তারা কোনো কর্ণপাত তো করেননি উপরন্তু তারা বিভিন্ন রকমের বিদ্রƒপাত্মক কথা বলেছেন এবং তারা তাদের কাজ সম্পর্কে যথেষ্ট আত্মম্ভরিতা প্রকাশ করেছেন এবং বলেছেন তারা অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে টিকা প্রদান কর্মসূচি পালন করে আসছেন এবং এ বিষয়ে কোনো সদস্যা হবে না বলেই তারা নিশ্চিত করেছেন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘কিন্তু আমরা দেখলাম একদিন বন্ধ হয়ে যাওয়াতে সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়েছে অবস্থা এবং গোটা দেশের মানুষ আজকে অত্যন্ত অনিশ্চয়তায় ভুগছে, আস্থাহীনতায় ভুগছে এবং আশঙ্কায় ভুগছে। আমরা বারবার করে বলেছিলাম যে, টিকা বা ভ্যাকসিনের বিকল্প উৎস রাখা উচিত এবং এই বিকল্প উৎস না রাখলে যেটা হবে হঠাৎ করেই যদি কোনো উৎস থেকে বন্ধ হয়ে যায় তখন কিন্তু দেশের পুরো স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়বে। সরকার কোনো কর্ণপাত না করে শুধুমাত্র তাদের দুর্নীতির জন্যে তারা তাদের নিজস্ব দুর্নীতি পরায়ণ কোম্পানির মাধ্যমে শুধুমাত্র ভারত থেকেই একমাত্র কোম্পানির ভ্যাকসিন সংগ্রহ করতেই কার্যক্রম গ্রহণ করেছিল। যে কারণে আজকে গোটা জাতি বিপদগ্রস্ত হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা জানি, উৎপাদনকারী প্রতিষ্ঠান বলছে যে, আগে তারা ভারতের চাহিদা পূরণের জন্য বাংলাদেশে টিকা সরবারহ করতে অপারগতা ইতিমধ্যে প্রকাশ করেছে। ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন যে, ভারতের চাহিদা এখন বেশি এবং সেই কারণে সমস্ত রপ্তানি বাতিল করে দিয়ে আগে ভারতের চাহিদা পূরণ করতে শুরু করেছে। আমাদের সেখানে আপত্তি নেই ভারত তো তার চাহিদা পূরণ করবেই। কিন্তু আমাদের সরকার যে সম্পূর্ণ দায়িত্বহীনতার সঙ্গে একেবারে বলা যেতে পারে যে একটা অপরাধমূলক কাজ করেছে। তা হচ্ছে যে, তারা বিকল্প উৎসের কোনো অনুসন্ধান করেনি এবং বিকল্প উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহের আবশ্যকতা তারা গুরুত্বসহকারে বিবেচনা করেনি। আমাদের যে আশঙ্কা ছিল তা আজকে সত্যে পরিণত হয়েছে। চীন ও রাশিয়ার কাছ থেকে ভ্যাকসিন সংগ্রহের সুযোগ থাকার পরও তা গ্রহণ করা হয়নি।’

বিএনপির স্থায়ী কমিটির সভায় দেশে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের মজুরি নির্ধারণ, কর্মে নিশ্চয়তা প্রদান এবং লকডাউনে কর্মচ্যুত শ্রমিকদের ক্ষতিপূরণ, খাদ্য সহায়তা নিশ্চিত প্রদান, বিএনপির প্রস্তাবিত প্রণোদনা অনুযায়ী প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের কর্মপক্ষে তিন মাসের জন্য ১৫ হাজার টাকা হারে এককালীন অনুদান প্রদান, শ্রমিক নির্যাতন ও বৈষম্য বন্ধের দাবি জানানো হয়েছে বলে জানান মহাসচিব।

সম্প্রতি ভারত কর্র্তৃক একতরফাভাবে অক্সিজেন রপ্তানি বন্ধ ঘোষণায় উদ্বেগ প্রকাশ করে স্থায়ী কমিটির সভায় বিকল্প উৎস থেকে অক্সিজেনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির ব্যবস্থা গ্রহণ এবং দেশে অক্সিজেন উৎপাদনের ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় বলে জানান বিএনপি মহাসচিব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত