শিরোপার আরও কাছে ম্যানসিটি

আপডেট : ০৩ মে ২০২১, ০৩:৫২ এএম

শনিবার ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পথে আরও এগিয়েছে ম্যানচেস্টার সিটি। ৩৪ ম্যাচে তাদের সংগ্রহ ৮০ পয়েন্ট। গত রাতে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানের ম্যানচেস্টার ইউনাইটেড খেলা ছিল লিভারপুলের সঙ্গে। ম্যাচটিতে ম্যানইউ হেরে গেলে শিরোপা নিশ্চিত হতো সিটির। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ম্যানইউ-লিভারপুল ম্যাচটি শুরু হয়নি ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানইউ সমর্থকরা মাঠের ভেতর ঢুকে পড়ায়। বিতর্কিত সুপার লিগে ম্যানইউর অন্তর্ভুক্তির প্রতিবাদ জানাচ্ছিল ভক্তরা।

আর যদি ম্যানইউ জিতে থাকে, তাহলে সিটি তাদের পরবর্তী ম্যাচ (৮মে, চেলসি) জিতলেই শিরোপা নিশ্চিত হবে তাদের। তবে লিভারপুল-ম্যানইউ ম্যাচ ড্র হয়ে থাকলে, সিটির সঙ্গে ম্যানইউ পয়েন্টের ব্যবধান দাঁড়িয়েছে ১২। বাকি চার ম্যাচ থেকে সিটি আর ১ পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন।

শনিবার ক্রিস্টালের মাঠে ম্যাচের ৫৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন সার্জিও আগুয়েরো। এর ঠিক ৮৪ সেকেন্ডের মধ্যে ফেরান তরেস ব্যবধান বাড়ান। তাতে ইপিএলে টানা ১১ অ্যাওয়ে ম্যাচে জয় পায় পেপ গার্দিওলার দল। সিটির সর্বোচ্চ গোলদাতা (২৫৮) আগুয়েরোকে নিয়ে মুগ্ধতার শেষ নেই কোচ গার্দিওলার, ‘কী দুর্দান্ত গোল। অসাধারণ একজন খেলোয়াড়। মানুষ হিসেবেও সে (আগুয়েরো) খুব ভালো। সে ফেরায় আমরা খুশি। বাকি ম্যাচগুলো আমরা তার সঙ্গে উপভোগ করব। সে গোল করে নিজের মান দেখাল। একজন ব্যক্তি হিসেবে তাকে আমি ভালোবাসি।’ এবারের লিগে ইনজুরি ও করোনা আক্রান্ত হওয়ার কারণে মাত্র ১০ ম্যাচ খেলতে পারলেন সিটি ছাড়তে যাওয়া আগুয়েরো। গোল করলেন দ্বিতীয়বার।

শনিবার নিজেদের ম্যাচে জয় পেয়েছে চেলসিও। তারা ২-০ গোলে হারিয়েছে ফুলহ্যামকে। চেলসির হয়ে জোড়া গোল করেন কাই হাভার্টস। ৩৪ ম্যাচে ৬১ পয়েন্টে চারে আছে চেলসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত