সরকারকে ‘ফ্যাসিবাদী’ উল্লেখ করে একে সাহসিকতার সঙ্গে মোকাবিলা করার আহ্বান জানিয়েছে ‘আমার বাংলাদেশ’ (এবি) পার্টি। দলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার বেলা ১১টায় এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ভার্চুয়াল ব্রিফিংয়ে দেশবাসীর প্রতি এই আহ্বান জানানো হয়েছে। দলের আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী ও সদস্য সচিব মজিবুর রহমান মন্জুসহ কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
করোনা পরিস্থিতির কারণে জন্মদিনে এবি পার্টিকে শুভেচ্ছা জানিয়ে ভার্চুয়ালি বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, রাজনীতিক ও অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া, সাবেক ডাকসু ভিপি ও নাগরিক ঐক্যের প্রধান মাহমুদুর রহমান মান্না, রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, সাবেক এমপি নীলুফার চৌধুরী মণি প্রমুখ।
