চট্টগ্রামে চা নিলাম আজ স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা

আপডেট : ০৩ মে ২০২১, ০৬:৩১ এএম

দেড় মাস বন্ধ থাকার পর আজ সোমবার চট্টগ্রামে অনুষ্ঠিত হবে মৌসুমের প্রথম চা নিলাম। কভিড সংক্রমণ পরিস্থিতির কারণে নিলাম কেন্দ্রের জন্য জারি করা হয়েছে বিশেষ নির্দেশনা। নিলামে অংশগ্রহণকারীদের বসার ব্যবস্থা থাকতে হবে ৭ ফুট দূরত্বে।

চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রের কর্মকর্তারা জানান, ২০২০-২১ নিলাম বর্ষের সর্বশেষ চা নিলাম অনুষ্ঠিত হয় গত ১৫ মার্চ। এরপর রীতি অনুযায়ী নতুন পাতা ওঠার জন্য দেড় মাস বন্ধ রাখা হয় নিলাম। টি সেলস কো-অর্ডিনেশন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০২১-২২ মৌসুমের প্রথম চা নিলাম ৩ মে চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় নিলাম অনুষ্ঠিত হবে ৫ মে শ্রীমঙ্গল কেন্দ্রে। এ মৌসুমে চট্টগ্রাম কেন্দ্রে মোট ৪৭টি এবং শ্রীমঙ্গল কেন্দ্রে মোট ২২ চা নিলাম অনুষ্ঠানেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় সূত্র।

করোনা পরিস্থিতির কারণে নিলাম অনুষ্ঠানের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুসরণের বিষয়ে নিলাম কেন্দ্রের কাছে বিশেষ নির্দেশনা পাঠিয়েছে চা বোর্ড। চা বোর্ডের বাণিজ্য শাখা থেকে পাঠানো নির্দেশনায় বলা হয়Ñ নিলাম কেন্দ্র, ব্রোকার হাউজ এবং ওয়্যার হাউজে হাত ধোয়ার জন্য সাবান/স্যানিটাইজার, মাস্ক ও হ্যান্ড গ্লাভসের ব্যবহার নিশ্চিত করাসহ সরকার কর্তৃক জারিকৃত সব নির্দেশনা ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। সবাইকে জীবাণুমুক্ত হয়ে নিলাম কেন্দ্রে প্রবেশ করতে হবে। নিলাম শুরুর আগে অকশন হাউজ জীবাণুনাশক স্প্রে করার মাধ্যমে পরিশোধন করে নিতে হবে। নিলাম কেন্দ্রে সামাজিক দূরত্ব বজায় রেখে ন্যূনতম ৭ ফুট পর পর বসার ব্যবস্থা করতে হবে। এতে বিদ্যমান নিলাম কেন্দ্রে সবার জন্য জায়গা সংকুলান না হলে কোনো বড় হল রুমে নিলাম কেন্দ্র শিফট করতে হবে। নিলাম চলাকালে নিলাম কেন্দ্রে শুধু অপরিহার্য জনবলের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

চা বোর্ড সূত্র জানায়, গত ১১ এপ্রিল বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত টি সেলস কোঅর্ডিনেশন কমিটির সভায় ২০২১-২২ চা নিলামবর্ষে চট্টগ্রাম ও শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রের জন্য সময়সূচি নির্ধারণ করা হয়। এতে চট্টগ্রাম কেন্দ্রের জন্য ৪৭টি ও শ্রীমঙ্গল কেন্দ্রের জন্য ২২টি নিলাম অনুষ্ঠানের সময় নির্ধারণ করা হয়।

প্রসঙ্গত, ২০২০-২১ চা নিলামবর্ষে চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রে ৪২টি এবং শ্রীমঙ্গলে ২০টি নিলাম অনুষ্ঠিত হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত