কালীপুরের রসালো লিচু বাজারে আসতে শুরু করেছে

আপডেট : ০৩ মে ২০২১, ০৭:৫৬ পিএম

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের লিচু বাজারে আসতে শুরু করেছে। শুরুতে প্রতি শত লিচুর দাম ২৫০/৩০০ টাকা হলেও অল্প কিছু দিনের মধ্যে তা কমে আসবে বলে জানান ব্যবসায়ীরা।

তারা জানান, বর্তমানে আগাম লিচু বাজারে আসতে শুরু হলেও সপ্তাহ খানেক পর প্রচুর পরিমাণে মৌসুমের রসালো লিচু বাজারে পাওয়া যাবে । মৌসুমের শুরুতে বৃষ্টি না হওয়ায় লিচু চাষিরা চরম ভাবে হতাশ ছিল। তাদের অভিমত যত বেশি বৃষ্টি হয়, লিচু তত বেশি রসালো হয়। তবে, এ বছর প্রচুর ফলন হওয়াতে চাষিরা খুশি।

বাঁশখালী উপজেলার কালীপুর লিচুর জন্য বিখ্যাত যুগ যুগ ধরে। তা ছাড়া সাধনপুর, পুকুরিয়া, বৈলছড়ি, গুনাগড়ি, পুকুরিয়া, জঙ্গল জলদি, জঙ্গল চাম্বল, পুইছড়িসহ প্রতিটি ইউনিয়নেই বাণিজ্যিক ও ঘরোয়াভাবে পাহাড়ি ও সমতল এলাকায় লিচুর চাষ হয়ে আসছে বহুকাল থেকে।

এবার বাঁশখালীতে সাড়ে ৭ শ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। এর মধ্যে কালীপুরের ৩০০ হেক্টরসহ পুরো উপজেলায় সাড়ে ৭০০ হেক্টর বাগানে বিভিন্ন জাতের লিচু উৎপন্ন হয়েছে। এসবের মধ্যে কালীপুরের স্থানীয় জাত ছাড়াও রাজশাহী বোম্বে, বারি- ১, ২, ৩ ও ৪ এবং চায়না- ৩ জাতের লিচু উৎপন্ন রয়েছে।

কালীপুরের লিচু আকারে একটু ছোট, কিন্তু স্বাদে, গন্ধে অতুলনীয়। তাই সারা দেশের মানুষের কাছে কাছে কালীপুরের লিচু বেশ সমাদৃত।

উপজেলার লিচু বাগানগুলোতে গিয়ে দেখা যায়, গাছে গাছে থোকায় থোকায় পাকা লিচু ঝুলছে। পুকুরিয়া, সাধনপুর, কালীপুর, পৌরসভা সদর জলদী হয়ে বৈলছড়ি সহ বিভিন্ন স্থানে পাহাড়ি এলাকাজুড়ে সড়কের পাশে, বাড়ির আঙিনায়, পাহাড় ও লোকালয়ের বাগানে এখন শুধু লিচু আর লিচু।

কালীপুরের লিচু বাগান মালিক শাহ আলম জানান, লিচুর ভালো ফলন হয়েছে। যদি আরও একটু বৃষ্টি হতো তাহলে লিচুগুলো বেশ রসালো ও মিষ্ট হতো। বর্তমানে খুচরা বাজারে শত প্রতি লিচু বিক্রি হচ্ছে ২০০, ২৫০, ৩০০ টাকা দরে। হাজারপ্রতি ১২শ লিচু পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ২২শত থেকে ৩ হাজার টাকায়।

কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম. শাহাদত আলম বলেন, বাঁশখালীর অধিকাংশ লিচু আমার কালীপুর ইউনিয়নে উৎপাদিত হয়। এখানকার লিচু রসালো ও সুস্বাদু, তাই দুর দুরান্ত থেকে লিচু ব্যবসায়ী ও ক্রেতারা এখান থেকে লিচু নিয়ে যায়। এখানে লিচু ব্যবসায়ীদের কোন রকম সমস্যা কিংবা ঝুঁকি নেই বেচাকেনায়।

উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেক জানান, এবার চলতি মৌসুমের শুরু থেকে আবহাওয়া অনুকূলে থাকায় লিচুর ভালো ফলন হয়েছে। বাঁশখালীতে এবার সাড়ে ৭ শত হেক্টর লিচু বাগান হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত