শ্বাসকষ্ট নিয়ে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
করোনা আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি খালেদা জিয়া সোমবার ভোরে শ্বাসকষ্ট অনুভব করলে চিকিৎসকেরা তাকে সিসিইউতে স্থানান্তর করেন।
রাত ৮ টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকা-সংলগ্ন ৩০০ ফিট সড়কের সামনে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানান। এ সময় তিনি খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চান।
জাহিদ হোসেন বলেন, শ্বাসকষ্টের পর খালেদা জিয়ার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে। আরও কিছু পরীক্ষা করা হচ্ছে। এরপর বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো যাবে।
এ সময় বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান সেখানে উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার শ্বাসকষ্ট কতটা গুরুতর, সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহিদ হোসেন বলেন, তিনি (খালেদা জিয়া) সিসিইউতে ভর্তি আছেন। আমার সঙ্গে কয়েক মিনিট আগে সিসিইউতে কথা হয়েছে।
বিএনপি চেয়ারপারসন এখন করোনা নেগেটিভ কি না, জানতে চাইলে জাহিদ হোসেন সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে ব্রিফিং শেষ করেন।
গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর গুলশানের বাসা ‘ফিরোজায়’ তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এফএম সিদ্দিকীর নেতৃত্বে চিকিৎসা শুরু হয়। গত ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে ভর্তি করা হয়।
করোনা আক্রান্তের ১৪ দিন অতিক্রান্ত হওয়ার পর খালেদা জিয়ার করোনা টেস্ট করা হয়েছিল কিন্তু ফলাফল পজিটিভ আসে।
হাসপাতালে ভর্তির পর খালেদা জিয়ার চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড গঠন করে। এ ছাড়া আগে থেকেই খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের নেতৃত্ব দিচ্ছেন এফ এম সিদ্দিকী। এই দুই মেডিকেল বোর্ড মিলেই হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।
'ফিরোজা’র বাসায় বিএনপি চেয়ারপারসন ছাড়াও আরও ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে এখন খালেদা জিয়াসহ চারজন করোনা পজিটিভ।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর পরিবারের আবেদনে সরকার গত বছরের ২৫ মার্চ ‘মানবিক বিবেচনায়’ শর্তসাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। তখন থেকে তিনি গুলশানে নিজের ভাড়া বাসা ফিরোজায় থেকে ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
