সড়কে প্রাণ গেল ৮ জনের

আপডেট : ০৪ মে ২০২১, ০৪:২৪ এএম

রাজধানী ঢাকাসহ দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। গত রবিবার মধ্যরাত থেকে গতকাল সোমবার বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ঢাকার যাত্রাবাড়ীতে ফ্লাইওভারে সিএনজিচালিত অটোরিকশা উল্টে এক বৃদ্ধ, সিরাজগঞ্জের তাড়াশে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন, সিলেটের জৈন্তাপুরে ট্রাকচাপায় তিনজন ও নেত্রকোনার দুর্গাপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরেÑ

ঢাকা : যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারে সিএনজিচালিত অটোরিকশা উল্টে শাহজাহান (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গত রবিবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার এসআই মো. মামুন মৃধা জানান, গুলিস্তান থেকে ফ্লাইওভারের ওপর দিয়ে একটি পিকআপ ভ্যান নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিল। ওই সময় এর পেছন পেছন যাচ্ছিল যাত্রীবাহী ওই অটোরিকশাটিও। একপর্যায়ে টার্ন নিতে গেলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সামনে থাকা পিকআপটির সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিকশায় থাকা চালক ও যাত্রীদের সবাই আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসকরা শাহজাহানকে মৃত ঘোষণা করেন।

সিলেট : জৈন্তাপুরে ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছেন। গত রবিবার গভীর রাতে সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কানাইঘাট উপজেলার গাছবাড়ি নয়াগ্রামের সুলতান আহমদ (২৮), আশিক আহমদ (২৬) ও জৈন্তাপুর উপজেলার সোহেল আহমদ (৩৫)। স্থানীয়রা জানান, গত রবিবার রাত দেড়টার দিকে দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দরবস্ত বাজার এলাকায় একটি গ্যারেজের সামনের অংশে ধাক্কা দিলে ওই তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। জৈন্তাপুর থানার ওসি দস্তগীর আহমদ জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। সিরাজগঞ্জ : তাড়াশে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার মহিষলুটি ও ৯নং ব্রিজ এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেনÑ উল্লাপাড়া উপজেলার পাগলা মধ্যপাড়া গ্রামের শামীম হোসেন (৩৫), চড়িয়াশিকার গ্রামের সাদ্দাম হোসেন (৩২) ও ট্রাকের হেলপার অজ্ঞাতপরিচয় এক যুবক। স্থানীয়রা জানান, গতকাল ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকায় লেগুনা-ট্রাকের সংঘর্ষে শামীম ও সাদ্দাম ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে একইদিন সকালে একই মহাসড়কের ৮নং ব্রিজসংলগ্ন স্থানে ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষে অজ্ঞাতপরিচয় ওই যুবক মারা যান। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. শাহজাহান আলী জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে।

নেত্রকোনা : দুর্গাপুরে ব্যাটারিচালিত অটোরিকশাচাপায় আহমদ মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বিকেলে উপজেলার কাপাসাটিয়া-কুমুদগঞ্জ আঞ্চলিক সড়কের বারইকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গতকাল বিকেল ৪টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশাটি যাত্রী নামিয়ে বারইকান্দি জামে মসজিদের কাছে ঘুরতে চাইলে সেখানে বসে থাকা আহমদ মিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ-আলম জানান, চালকসহ ওই অটোরিকশাটি পুলিশ হেফাজতে আনা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত