চলমান আইপিএলের মাঝপথে দেশে ফিরতে পারেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোয়ারেন্টাইনের নতুন নিয়ম আরোপ করতে যাচ্ছে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী। তার কারণে আইপিএলের মাঝপথে এই দুই তারকা দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
নতুন কোয়ারেন্টাইন নিয়ম অনুসারে, ভারত এবং দক্ষিণ আফ্রিকা থেকে আগত বিদেশি ভ্রমণকারীদের দেশে কাজ শুরুর আগে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এই নিয়ম কার্যকর হবে ১ মে থেকে।
করোনা ভয়ংকর আকার ধারণ করেছে ভারতে। দিনদিন আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছে দেশটিতে। এমনকি করোনা হানা দিয়েছে চলমান আইপিএলেও। জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে থেকেও আক্রান্ত হচ্ছেন ক্রিকেটাররা।
ইতিমধ্যে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটার কভিড-১৯ পজিটিভ হওয়ায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ স্থগিত হয়েছে। করোনায় আক্রান্ত হয়েছেন চেন্নাই সুপার কিংসের বোলিং কোচসহ তিন কর্মী। তবে এসবের মধ্যে টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।
অবশ্য সাকিব-মোস্তাফিজের দেশে ফিরে আসার কারণ ভিন্ন। ঈদের পর ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে শ্রীলঙ্কার। টেস্ট সিরিজ খেলার জন্য শ্রীলঙ্কা সফরে না গেলেও ওয়ানডে সিরিজে থাকছেন এই দুই তারকা।
এই সিরিজে খেলতে হলে নতুন কোয়ারেন্টাইন নিয়ম প্রবর্তনের কারণে মাঝপথে আইপিএল ছাড়তে হতে পারে তাদের। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলার জন্য আগেই দেশে আসতে হবে সাকিব-মোস্তাফিজকে। এরপর ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে মাঠে ফিরতে পারবেন তারা। তবে এ ক্ষেত্রে সাকিব-মোস্তাফিজদের জন্য নিয়ম শিথিলের ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আবেদন জানাবে বিসিবি।
