শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মঙ্গলবার বিকেল ৩টা ২৫মিনিটে চার্টার্ড ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন টাইগাররা।
দেশে ফেরার পর তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নাকি হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে, তা নিয়ে ছিল অনিশ্চয়তা। প্রথমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
তবে বিষয়টি নিয়ে বোর্ড আলোচনা চালিয়ে যাচ্ছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে। অবশেষে সফল হয় বিসিবি। হোটেলে নয়, হোম কোয়ারেন্টাইনে থাকতে পারবেন তামিম ইকবাল-মুমিনুল হকরা। এর আগে নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরেও হোম কোয়ারেন্টিনে ছিলেন টাইগাররা।
চলতি মাসের শেষদিকে লঙ্কানদের বিপক্ষে ঘরের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ইতোমধ্যে প্রাথমিক দলও ঘোষণা করা হয়েছে। এই সিরিজকে সামনে রেখে ক্রিকেটারদের মধ্যে যারা দেশে ছিলেন তারা রবিবার থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছেন। শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফেরা ক্রিকেটাররা অনুশীলনে যোগ দেবেন কোয়ারেন্টাইন শেষে।
লঙ্কানদের বিপক্ষে কেন্ডির পাল্লেকেলেতে দুই টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হারে বাংলাদেশ। প্রথম ম্যাচ ড্র করলেও দ্বিতীয় ও শেষ টেস্টে বড় ব্যবধানে হারে সফরকারীরা।
