রোমার কোচ হয়ে ইতালিতে ফিরছেন মরিনহো

আপডেট : ০৪ মে ২০২১, ০৮:৪০ পিএম

ইতালিয়ান ক্লাব রোমা জানিয়েছে, আসছে মৌসুমে কোচ হিসেবে তাদের ডাগ আউট সামলাবেন হোসে মরিনহো।

১৯ এপ্রিল এই পর্তুগিজ কোচকে ছাঁটাই করে ইংলিশ ক্লাব টটেনহ্যাম। এরপর খুব বেশিদিন বেকার রইলেন না তিনি। এক মাস না যেতেই নতুন চাকরি খুঁজে নিলেন।

রোমার সঙ্গে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মরিনহো। ক্লাবটির পক্ষ থেকে মঙ্গলবার টুইট বার্তায় মরিনহোর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়, ‘ক্লাব অনেক আনন্দিত যে আমাদের নতুন কোচ হিসেবে হোসে মরিনহো ২০২১-২২ মৌসুম থেকে চুক্তিবদ্ধ হয়েছেন।’

৫৮ বছর বয়সী মরিনহো রোমায় স্থলাভিষিক্ত হবেন পাওলো ফনসেকার। চলতি মৌসুম শেষে রোমার দায়িত্ব ছাড়বেন তিনি। ২০১৯ সাল থেকে সিরি আর দলটির কোচ হিসেবে আছেন সাবেক এই সেন্টার-ব্যাক।

দুটি আলাদা ক্লাবের হয়ে ইউরোপসেরার মুকুট জয়ের নজির গড়া পাঁচ কোচের একজন মরিনহো। রোমার সমর্থকদের উদ্দেশ্যে যিনি ইন্সটাগ্রামে বার্তা দিয়েছেন। তাকে নিয়োগ দেওয়ায় মরিনহো ধন্যবাদ জানিয়েছেন মালিকপক্ষকেও, ‘মালিকপক্ষ ও তিয়াগো পিন্তোর সঙ্গে আলোচনার পরই আমি তাদের সুদূরপ্রসারী লক্ষ্য বুঝতে পেরেছিল। একইরকম উচ্চাশা ও আকাঙ্খা আমাকে সবসময় অনুপ্রাণিত করে এবং আমরা ঐক্যবদ্ধ হয়ে একটি সফল পরিকল্পনা সাজাতে চাই।’

টটেনহ্যামে ১৭ মাস দায়িত্ব সামলেছেন মরিনহো। মৌসুমের দ্বিতীয় লেগে দলের বাজে পারফরম্যান্সে উত্তর লন্ডনের ক্লাবটি ছাঁটাই করে তাকে।

মরিনহোর সাফল্যময় কোচিং ক্যারিয়ারের ইতালির অধ্যায়টা হয়ে আছে বর্ণিল। সেখানে ২০০৯-১০ মৌসুমে ইন্তার মিলানের হয়ে ট্রেবল জেতেন তিনি। মোট দুটি লিগ শিরোপা উপহার দেন ইন্তারকে।

এবার সেই ইতালিতেই নতুন দলের চ্যালেঞ্জ নিচ্ছেন মরিনহো। রোমা ২০০০-০১ মৌসুমের পর আর সিরি আ শিরোপা জেতেনি। এই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতেই মরিনহোকে কোচের দায়িত্ব দিল ক্লাবটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত