একনেক বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত দেশের ১৮৬ টি উপজেলায় সাড়ে ১৬৫০ কোটি টাকা ব্যয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় বলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে সভাপতিত্ব করেন।
একনেক সভা শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আজকে অনুষ্ঠিত ২৪তম একনেক বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত দেশের ১৮৬টি উপজেলায় সাড়ে ষোলশত কোটি টাকা ব্যয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প অনুমোদিত হয়েছে। এটি ক্রীড়াঙ্গনের জন্য নিঃসন্দেহে একটি বড় সুসংবাদ।’
তিনি আরো বলেন, ‘আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের ক্রীড়াবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। তিনি সবসময় আমাদের স্পোর্টসকে এগিয়ে নিতে সঠিক দিকনির্দেশনা প্রদানপূর্বক সার্বিক সহযোগিতা করে চলেছেন। আমি আশা করছি অতি অল্প সময়ের মধ্যেই আনুষ্ঠানিকতা শেষে এ সকল স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু করতে পারব।’
স্টেডিয়ামগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলাকে ছড়িয়ে দিতে ও নতুন প্রতিভা উঠে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর।
এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক দেশের ১২৫টি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে।
