বেতন পরিশোধে বিআরটিসিকে ৮ কোটি টাকা ঋণ

আপডেট : ০৫ মে ২০২১, ১২:১২ এএম

করোনা সংক্রমণ রোধে সরকারি বিধিনিষেধের মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতনভাতা পরিশোধের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনকে (বিআরটিসি) ৮ কোটি টাকা সুদমুক্ত ঋণ দিয়েছে অর্থ বিভাগ।

অর্থ বিভাগে গতকাল মঙ্গলবার বিআরটিসির চেয়ারম্যানের উপস্থিতিতে এ সংক্রান্ত চুক্তি হয়। ঋণের ৪ কোটি টাকা বিআরটিসিকে ২০২২ সালে মে মাসে পরিশোধ করতে হবে। বাকি টাকা দিতে হবে ২০২৩ সালের মে মাসে।

বিআরটিসির কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতনভাতা পরিশোধে চলতি অর্থবছরের অর্থ বিভাগের বাজেটভুক্ত ‘আর্থিক প্রতিষ্ঠান বহির্ভূত সংস্থার জন্য ঋণ’ কোড হতে শর্ত সাপেক্ষে ৮ কোটি টাকা সুদমুক্ত ঋণের সম্মতি জ্ঞাপন করা হয়।

ঋণের শর্তে বলা হয়েছে, বরাদ্দ অর্থ টাকা কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা বাবদ অর্থ পরিশোধ ছাড়া অন্য কোনো কাজে ব্যয় করা যাবে না। এ টাকা সরকারি ঋণ হিসাবে গণ্য হবে, ঋণচুক্তি স্বাক্ষরের পরবর্তী দুই বছরে বার্ষিক সমান কিস্তিতে ঋণের অর্থ পরিশোধযোগ্য হবে, বরাদ্দ অর্থ চলতি অর্থবছরের বাজেটের সংশ্লিষ্ট কোডে প্রতিফলিত করতে হবে। এর আগে গত বছর বিআরটিসিকে একই শর্তে ৪ কোটি টাকা ঋণ দিয়েছিল অর্থ বিভাগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত