রাজধানীর মতিঝিলের শাপলা চত্ত্বরে ২০১৩ সালের ৫ মে তাণ্ডবের ঘটনায় দায়ের মামলা তথ্য-প্রমাণের ভিত্তিতেই নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাজধানীর মিন্টু রোডে নিজ কার্যালয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) একেএম হাফিজ আক্তার এসব বলেন।
তিনি বলেন, প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহে কিছুটা সময় লাগলেও জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আবার নিরপরাধ কাউকে আইনের আওতায় আনা হবে না।
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্ত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে চালানো তাণ্ডবের ঘটনায় দায়ের ৬২ মামলা ৮ বছরেও নিষ্পত্তি হয়নি। এসব মামলায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও প্রয়োজনীয় তথ্য-উপাত্তের অভাবে ঝুলে আছে চূড়ান্ত প্রতিবেদন দাখিল। ফলে বেশিরভাগ মামলার বিচার এখনো শুরু হয়নি।
এ বিষয়ে হাফিজ আক্তার বলেন, কোনো নিরপরাধ মানুষকে যাতে আইনের আওতায় আসতে না হয় সব তথ্য-উপাত্ত সংগ্রহ করতে কিছুটা সময় লাগছে। তবে ঘটনার দিনের ভিডিও ফুটেজ ও গ্রেপ্তারদের দেওয়া জবানবন্দির ভিত্তিতে ইতিমধ্যে বেশ কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছে।
শাপলা চত্ত্বরের মতো ঘটনার পরিকল্পনা বা সক্ষমতা হেফাজতের রয়েছে কি-না জানতে চাইলে এ কর্মকর্তা বলেন, পুলিশের কাজ শান্তিশৃঙ্খলা বজায় রাখা। দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে যা যা দরকার তা আমরা করব। মামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। রাজনৈতিক বা অরাজনৈতিকভাবে চলবে সেটা হেফাজতের বিষয়। আমরা চাই না ফের শাপলা চত্ত্বরের মতো ঘটনা ঘটুক। তবে কেউ যদি তাণ্ডব চালায়, জনগণের সম্পদ বিনষ্ট করে বা পুলিশ বা সরকারি কর্মকর্তার ওপর হামলা করে, তাহলে তাদের বিরুদ্ধে তথ্য-উপাত্তের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।
শাপলা চত্ত্বরের ঘটনায় জামাত-বিএনপির অর্থায়নের কোনো প্রমাণ পাওয়া গেছে কি না এমন প্রশ্নের জবাবে ডিবির এ কর্মকর্তা বলেন, তদন্তে যার নাম আসবে তাকেই গ্রেপ্তার করা হবে।
অতিরিক্ত কমিশনার আরো বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে বায়তুল মোকাররমে ব্যাপক নাশকতা হয়। সেটাকে পুঁজি করে গুজব ছড়িয়ে চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেটসহ বেশ কটি জেলায় ব্যাপক তাণ্ডব চালানো হয়। ভিডিও ফুটেজ দেখে তাণ্ডবে যারা জড়িত ছিল তাদের শনাক্ত করা হচ্ছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যুক্তিতর্ক চলছে। সারাদেশে কীভাবে জায়গায় জায়গায় আগুন দেওয়াসহ তাণ্ডব চলেছে তা সবাই দেখেছে।
