শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের পারফরম্যান্সে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন তামিম ইকবাল। উন্নতি হয়েছে মুশফিকুর রহিম ও মুমিনুল হকেরও। বোলারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন তাইজুল ইসলাম।
শ্রীলঙ্কা-বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ও পাকিস্তান-জিম্বাবুয়ের প্রথম টেস্টের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বুধবার র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
পাল্লেকেলেতে ড্র হওয়া প্রথম টেস্টে ৯০ ও অপরাজিত ৭৪ রান করে র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠেছিলেন তামিম। ২০৯ রানে হেরে যাওয়া দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে আউট হন ৯২ রানে, দ্বিতীয় ইনিংসে করেন ২৪ রান। এই পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ে ২৭তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি।
দুই ইনিংসে ৪০ রান করে করা মুশফিক এক ধাপ এগিয়ে আছেন ২১তম স্থানে। মুমিনুলের ব্যাট থেকে এসেছে ৪৯ ও ৩২ রানের ইনিংস। র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়কও এগিয়েছেন এক ধাপ। আছেন ৩০ নম্বরে।
শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের মধ্যে র্যাঙ্কিংয়ে বড় সাফল্য পেয়েছেন দিমুথ করুনারত্নে। দ্বিতীয় টেস্টে ১১৮ ও ৬৬ রানের ইনিংস খেলা লঙ্কান অধিনায়ক চার ধাপ এগিয়ে আছেন একাদশ স্থানে। এ ছাড়া নিরোশান ডিকভেলা, ওশাদা ফার্নান্দো ও লাহিরু থিরিমান্নেরও উন্নতি হয়েছে।
টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের তাইজুল ইসলাম ওপরে উঠেছেন। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেওয়া বাঁহাতি এই স্পিনার ২৫ থেকে ২৩ নম্বরে উঠে এসেছেন।
অভিষেকে দুই ইনিংসেই পাঁচ উইকেট পেয়েছেন প্রাভিন জয়াবিক্রমা। ম্যাচে ১১ উইকেট নিয়ে গড়েছেন রেকর্ড। দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার জয়ের নায়ক তরুণ এই বাঁহাতি স্পিনার ঢুকেছেন র্যাঙ্কিংয়ে, আছেন ৪৮তম স্থানে।
পাকিস্তান-জিম্বাবুয়ে প্রথম টেস্টে ১৪০ রানের দুর্দান্ত ইনিংস খেলা ফাওয়াদ আলম ৩১ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৪৭তম স্থানে আছেন। ৯ উইকেট নিয়ে পাকিস্তানের জয়ে বড় অবদান রাখা হাসান আলি আছেন ক্যারিয়ার সেরা ২০তম স্থানে।
জিম্বাবুয়ের বোলারদের মধ্যে ব্লেসিং মুজারাবানি ২৬ ধাপ এগিয়ে আছেন ৫৫ নম্বরে।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছেন কেন উইলিয়ামসন। বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সবার ওপরে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।
