সপরিবারে করোনা আক্রান্ত দীপিকা

আপডেট : ০৬ মে ২০২১, ০৭:২৬ এএম

করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের বাবা ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোন। তাকে বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার জ্বরে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আপাতত স্থিতিশীল। এ ছাড়া করোনায় সংক্রমিত হয়েছেন দীপিকার মা উজালা ও বোন অনিশাও। আপাতত তারা বাড়িতেই আইসোলেশনে আছেন। পরিবারের সঙ্গে দীপিকাও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে একাধিক বলিউডভিত্তিক সংবাদমাধ্যম। পিংকভিলা জানাচ্ছে, দীপিকারও করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। গত সপ্তাহে তার ইন্সটাগ্রাম পোস্ট থেকে সে রকমই আঁচ করা যাচ্ছে। মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতন করতে এক পোস্টে দীপিকা লিখেছেন, ‘আমাদের মতো লাখো মানুষ (আমি ও আমার পরিবারসহ) ভালো থাকতে হিমশিম খাচ্ছি। করোনার এই সংকটকালে আমাদের মানসিক স্বাস্থ্যের পরিচর্যার কথা ভুলে গেলে চলবে না। এটাও সমান গুরুত্বপূর্ণ। মনে রাখবেন আপনি একা নন, আমরাও আপনার সহযাত্রী। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমরা আশাবাদী।’ যদিও দীপিকার টিমের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তার শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি। তবে ভারতীয় ম্যাগাজিন ফিল্মফেয়ার জানিয়েছে, দীপিকাও মা-বোনের সঙ্গে ব্যাঙ্গালুরুর বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন।

দীপিকাকে শিগগির দেখা যাবে কবির খান পরিচালিত ছবি ‘এইটি থ্রি’তে। ছবিতে তার স্বামী রণবীর সিংও অভিনয় করেছেন। এ ছাড়া শকুন বার্তার নতুন ছবিতে দেখা যাবে অনন্যা পান্ডে ও সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে। জন আব্রাহাম ও শাহরুখ খানের ‘পাঠান’ ছবিতেও কাজ করছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত