উখিয়ায় ৫০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

আপডেট : ০৬ মে ২০২১, ০১:০৫ পিএম

কক্সবাজারের উখিয়ার রত্নাপালং ইউনিয়নের পূর্ব তুলাতলী এলাকা থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ান (বিজিবি)।

উদ্ধার ইয়াবার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। আটক ব্যক্তিকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রেজুপাড়া বিওপি’র সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করেছে।

কক্সবাজার- ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করতে এমন গোপন সংবাদ ছিল। উক্ত সংবাদের ভিত্তিতে রেজুপাড়া বিওপি’র একটি আভিযানিক টহল দল উখিয়ার রত্নাপালং ইউপি’র পূর্ব তুলাতুলী নামক স্থানে কৌশলগত অবস্থান নেয়।

দীর্ঘদিন সময় অবস্থানের পর রাত প্রায় সাড়ে ১২টায় ৩/৪ জন ব্যক্তিকে সীমান্ত এলাকা হতে আসতে দেখে বিজিবি টহল দল তাদেরকে থামতে সংকেত দেয়। কিন্তু তা না মেনে তারা দৌড়ে পালানোর সময় নাইক্ষ্যংছড়ির হামিদিয়াপাড়ার মৃত মেহের আলীর ছেলে নুরুল আমিনকে (৩৪) আটক করা হয়।

এ সময় তার সাথে থাকা লুঙ্গী দিয়ে মোড়ানো ব্যাগ তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। এসব ইয়াবার মূল্য এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা বলে ওই বিজিবি কর্মকর্তা জানান।

এ ঘটনায় আটক ব্যক্তির সাথে মিয়ানমার থেকে ইয়াবা পাচারে জড়িত ও পলাতক রয়েছে অপর ৩ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত