‘করোনা টেস্ট করাতে ঢাকায় এসে লাশ হলেন দুবাই প্রবাসী এক বাংলাদেশি। তার নাম সুভাষ চন্দ্র সূত্রধর (৩২)। গতকাল বৃহস্পতিবার ভোরে গলায় গামছা পেঁচানো অবস্থায় রাজধানীর খিলক্ষেত কুড়িল ফ্লাইওভারের নিচ থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বগুড়ার শিবগঞ্জ থেকে ঢাকায় করোনা টেস্ট করাতে এসেছিলেন বলে জানিয়েছে স্বজনরা। তাকে ছিনতাইকারীরা হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
সুভাষের ভায়রা-ভাই শ্রী কৃষ্ণ বাবু বলেন, সুভাষ পাঁচ বছর ধরে দুবাইতে ছিলেন। গত বছরের নভেম্বরে দেশে আসেন। ওই মাসেই বিয়ে করেন। ছুটি শেষ হওয়ায় আগামীকাল শনিবার মধ্যরাতে তার দুবাই চলে যাওয়ার কথা ছিল। তাই করোনা টেস্ট করাতে বুধবার রাতে মাইক্রোযোগে গ্রামের বাড়ি বগুড়ার শিবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। কিন্তু বাড়ি থেকে সুভাষকে ফোনে না পেয়ে আমাকে ফোন করেন শ্বশুর। ফোন পেয়ে রাত ৪টার দিয়ে বিমানবন্দর ও খিলক্ষেত এলাকায় তাকে খুঁজতে যাই। পরে ভোর ৫টার দিকে একটি নম্বর থেকে খিলক্ষেত থানা পুলিশ আমাকে ফোন করে কুড়িল ফ্লাইওভারে আসতে বলে। গিয়ে দেখি, সুভাষের গলায় গামছা পেঁচানো। শরীর থেকে রক্ত ঝরছে। তিনি আরও জানান, পরে শুনেছি সুভাষের টিকিট আগে থেকেই কনফার্ম করা ছিল। টিকিটের টাকাসহ এক লাখ টাকা নিয়ে তিনি ঢাকায় রওনা দিয়েছেন। কিন্তু আমরা তার পাসপোর্ট ছাড়া আর কিছুই পাইনি। খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিনুর রহমান বলেন, খবর পেয়ে ভোরে ফ্লাইওভারে গিয়ে উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় সুভাষের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার কাছে থাকা পাসপোর্ট থেকে পরিচয় নিশ্চিত হয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গামছা পার্টি তাকে হত্যা করেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
