‘অন্য কোনো রাজনীতি নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এখন জনগণের পাশে থাকাই আওয়ামী লীগের রাজনীতি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিরপুরে মাজার রোডের টালি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দারুস সালাম থানার আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গতকাল (বুধবার) অনলাইনে উঁকি দিয়ে টিভির পর্দায় যেভাবে করোনা নিয়ে কথা বললেন, তাতে মনে হলো তিনি করোনা বিশেষজ্ঞ। তিনি ঢাকা কলেজে পড়াতেন জানতাম। কিন্তু তিনি মনে হচ্ছে ১৪ মাসের মধ্যে এফআরসিএস পাস করে ফেলেছেন, করোনা মহামারীতে বিশেষজ্ঞ হয়ে গেছেন, সেটি আমরা বুঝতে পারিনি। মির্জা ফখরুল সাহেব বলেছেন, সরকার নাকি বাংলাদেশে করোনার শুরুতে বুঝতে পারেনি, অথচ বাংলাদেশে করোনা মহামারীর শুরু থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও সময়োচিত পদক্ষেপের কারণে মহামারীর ১৪ মাসে কেউ অনাহারে মৃত্যুবরণ করেনি।
তবুও ‘দুর্মুখ’দের মুখ থেমে নেই উল্লেখ করে তিনি আরও বলেন, ‘জনগণের পাশে না দাঁড়িয়ে বিএনপি ও তাদের মিত্ররা টিভির পর্দায় আর অনলাইনে উঁকি দিয়ে প্রতিদিন সরকারের সমালোচনাই করছে। অপরদিকে, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মহামারীতে জনগণের পাশে থাকাই আওয়ামী লীগের রাজনীতি এবং দেশব্যাপী দলের নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়িয়েছে।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দারুস সালাম থানার সভাপতি এ বি এম মাজহারুল আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ। দলের দারুস সালাম থানা শাখার নেতা মো. গিয়াসউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে স্বাস্থ্যবিধি মেনে প্রায় এক হাজার করোনাপীড়িত পরিবারের হাতে খাদ্য ও বস্ত্রের প্যাকেট তুলে দেন অতিথিরা।
