ঈদের আলোচিত ওয়েব কনটেন্ট

আপডেট : ০৭ মে ২০২১, ০৭:২৩ এএম

ঈদে সিনেমা হলগুলোয় নতুন সিনেমা মুক্তি পাচ্ছে না, এটা প্রায় নিশ্চিত। হলে সিনেমা মুক্তি না পেলেও এবার টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মে বেশ কিছু ওয়েব কনটেন্ট প্রচারিত হবে। ঈদ কেন্দ্র করে আলোচনায় রয়েছে বেশ কিছু ওয়েব কনটেন্ট।

ঈদে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত নির্মাতা রায়হান রাফির ওয়েব ফিল্ম ‘ডার্ক সাইড অব ঢাকা’। ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাবে এটি। রাফি বলেন, পাঁচটি গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ডার্ক সাইড অব ঢাকা’।  ওয়েব কনটেন্ট জানোয়ার প্রকাশের পর সবার আরও কিছু চাওয়া ছিল। আশা করছি ডার্ক সাইড অব ঢাকা দর্শকের সেই চাহিদা পূরণ হবে। ঢাকাকে আমরা নানাভাবে দেখেছি। আমাদের নতুন সিনেমায় ঢাকার আরেকটি অন্ধকার রূপ দেখা যাবে।’

সাহিত্য থেকে কনটেন্ট নির্মাণ করেছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডি। ‘বঙ্গ বব’ বা ‘বঙ্গ বেজড অন বুকস’-এর আওতাধীন বেশ কিছু কনটেন্ট প্রচারিত হবে এবারের ঈদে। যে কনটেন্টগুলো প্রকাশ পাবে সেগুলো হলো শহরে টুকরো রোদ, মরণোত্তম, চরের মাস্টার, আলিবাবা ও চালিচার, পাসওয়ার্ড, হাকুল্লা, লাবণী। বঙ্গবিডির ডেপুটি হেড অব কনটেন্ট ভাস্কর আবেদীন বলেন, ‘এই সাতটি কনটেন্ট আগে টিভিতে প্রিমিয়ার হবে। তার পরপরই দর্শকরা সেটি ওয়েব প্ল্যাটফর্মে দেখতে পাবেন।’ ‘ওসি-হতনামা’ ও ‘রঙিলা কিতাব’ অবলম্বনে ওয়েব সিরিজ নির্মাণ করার কথা থাকলেও তা হচ্ছে না বলে জানান তিনি।

ওটিটি প্ল্যাটফর্ম সিনেম্যাটিক থেকে আসছে ‘ডার্ক রুম’ ও ‘বিলাপ’ নামের দুটি কনটেন্ট। সিনেম্যাটিকের পরিচালক তামজিদ অতুল জানান, ডার্ক রুম নির্মাণ করেছেন গোলাম সোহরাব দোদুল ও বিলাপ নির্মাণ করেছেন সানি সানোয়ার। ডার্ক রুম ওয়েব ফিল্মে চঞ্চল চৌধুরী, তারিন ও বাঁধনকে নিয়ে এক প্যারাসাইকলজিক্যাল থ্রিলার বা কনজুগাল ফ্যান্টাসি নির্মাণ করেছেন দোদুল। অন্যদিকে ঢাকা অ্যাটাক ও মিশন এক্সট্রিমের কাহিনী ও চিত্রনাট্যকার সানী সানোয়ারের গল্পে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ বিলাপ। এটি পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। ঢাকা শহর থেকে রহস্যজনকভাবে নিরুদ্দেশ হতে থাকে নারী-পুরুষ ও শিশু। একই সঙ্গে ঘটতে থাকে খুনের ঘটনা। এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে বিলাপ।

আলোচিত ওয়েব প্ল্যাটফর্ম বিঞ্জ-এ মুক্তি পেতে যাচ্ছে ক্রাইম থ্রিলার বরফ কলের গল্প। সিরিজটি পরিচালনা করছেন শহীদ উন নবী। ধারণা করা হচ্ছে, এরশাদ শিকদারের চরিত্রের ছায়া আছে এই গল্পে। মূল চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন।

ওদিকে লন্ডন ব্রডকাস্ট করপোরেশনের (এলবিসি) আওতায় বাংলাদেশে কাজ করছে আড্ডা টাইমস ও ইরোজ নাও। এই দুটি প্ল্যাটফর্মের মধ্য থেকে ইরোজ নাওতে মুক্তি পাবে সিক্স নামের একটি ওয়েব সিরিজ। এই সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো ওয়েব কনটেন্টে কাজ করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। ছয় পর্বের সিরিজে আরও অভিনয় করেছেন ইফতেখার আহমেদ ফাহমি, অপর্ণা ঘোষ, সোহেল মন্ডল, তারিক আনাম খান, ইয়াশ রোহান, অশোক ব্যাপারী। সিরিজটি নির্মাণ করছেন তানিম পারভেজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত