কিছুদিন আগে হঠাৎ করে লাকি আলীর একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল সাইটে। সেখানে গোয়ার একটি পার্কে বিখ্যাত ‘ও সানাম’ গানটি গাইতে দেখা যায় তাকে। এই নিয়ে স্মৃতিকাতর ভক্তদের কী যে উচ্ছ্বাস! আর এখন মৃত্যুর খবর ভাইরাল।
খবরটি যে ভুয়া তা তুলে ধরলেন সংগীতশিল্পীর কাছের বন্ধু বর্ষীয়ান অভিনেত্রী নাফিসা আলী। তিনি জানালেন, সুস্থ আছেন লাকি আলী। নিজের পরিবারের সঙ্গে বাগান বাড়িতে সময় কাটাচ্ছেন তিনি।
গুজব উঠেছিল, কভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন ‘না তুম জানে না হাম’-খ্যাত বলিউডের স্টাইলিশ এ গায়ক। এরপরই শোকবার্তায় ভরে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম।
সবাইকে আশ্বস্ত করে বৃহস্পতিবার নাফিসা বলেন, “লাকির সঙ্গে আজ দুই থেকে তিনবার কথা হয়েছে আমার। তিনি একেবারেই সুস্থ আছেন। কভিডে আক্রান্তও হননি তিনি। নিজের পরিবারের সঙ্গে ব্যাঙ্গালরের বাগান বাড়িতে আছেন। তার পরিবারের সবাই ভালো আছেন। এমনকি আগামী দিনের সংগীত অনুষ্ঠানের পরিকল্পনা করছেন তিনি। সেই নিয়েই ব্যস্ত রয়েছেন লাকি।”
নব্বই দশকের এই জনপ্রিয় সংগীতশিল্পী বেশ কিছু বছর লাইমলাইট থেকে দূরে ছিলেন। তবে তার শ্রোতারা আজও তার গানে মাতোয়ারা।
